সিরিয়ায় গাড়িবোমায় নিহতের সংখ্যা বেড়ে ১১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িবোমা হামলায় আহত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: এএফপি
গাড়িবোমা হামলায় আহত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: এএফপি

সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত শহরের অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার গাড়িবহরে হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। আজ রোববার একটি পর্যবেক্ষক সংস্থা এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ফুয়া ও কাফরায়ার অবরুদ্ধ বাসিন্দাদের কয়েকটি বাসে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। সেই গাড়িবহরে গতকাল শনিবার গাড়িবোমা হামলা চালানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের মালামাল ও ছিন্নভিন্ন দেহের অংশ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাসগুলোর ধ্বংসাবশেষ ও হামলা চালানোর জন্য ব্যবহৃত বিধ্বস্ত গাড়িটিও সেখানে পড়ে রয়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। বিদ্রোহীদের প্রতি ইঙ্গিত করে সিরিয়ার সরকার এ হামলার জন্য সন্ত্রাসীরা দায়ী বলে উল্লেখ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ রোববার জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে গতকাল প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৪৩ বলা হয়েছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ি চালিয়ে ওই বহরের কাছে এসে বিস্ফোরণ ঘটায়। ওই গাড়িটি ত্রাণসামগ্রী নিয়ে আসছে বলে মনে করা হচ্ছিল। তবে ত্রাণের বদলে সেটি ছিল গাড়িবোমা।

সিরিয়ার গৃহযুদ্ধের উভয় পক্ষের সংঘাতপূর্ণ অঞ্চলে হাজারো উদ্বাস্তু আটকা পড়ে। চলমান সংঘাতে উভয় পক্ষের দখলে থাকা চার শহরের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে ‘চার শহর’ চুক্তি করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তির আওতায় বিদ্রোহীদের দখলে থাকা দুটি শহরের এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা দুটি শহরের প্রায় ৩০ হাজার অবরুদ্ধ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা। বর্তমানে সরকারি নিয়ন্ত্রণে থাকা দুটি শহরের মধ্যে পাঁচ হাজার ও বিদ্রোহীদের দুটি শহরের ২ হাজার ২০০ জন অবরুদ্ধ বাসিন্দা আটকা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ‘দেশটিতে দৈনন্দিন সহিংসতার চক্রে পড়ে আটকা’ রয়েছে ৬৪ হাজারের বেশি মানুষ।