সিরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৪৫
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। মাজারটি শিয়াপন্থী মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত।
এ হামলার জঙ্গি গোষ্ঠী আইএস চালিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেছে ।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বোমা বিস্ফোরণটি ছিল মাজারের কাছেই গাড়ি বোমা হামলার। কিন্তু দ্বিতীয় বিস্ফোরণটি কিসের, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পর পর দুটি বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হন। আহত হন অনেকে। গুরুতর আহতের সংখ্যা বেশি বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
এর আগেও বিভিন্ন সময়ে ওই মাজারটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে মাজারের কাছে হামলা হয়েছিল।
এমন সময় এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন সিরিয়ার সরকারি প্রতিনিধি ও বিরোধী গোষ্ঠীর নেতারা জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা অংশ নিয়েছেন।