সিরিয়ায় তিন-চার মাস রুশ বিমান হামলা চলবে

সিরিয়ায় রুশ বিমান হামলা তিন থেকে চার মাস স্থায়ী হতে পারে। হামলা তীব্রতর হতে পারে বলে আজ শুক্রবার মন্তব্য করেছেন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ। সিরিয়া নিয়ে প্যারিসে এক আলোচনায় বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুশকভ বলেন, সব সময় এ ক্ষেত্রে বাধা আসার ঝুঁকি থাকলেও তিন থেকে চার মাস ধরে এই অভিযান চালিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে মস্কো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আড়াই হাজারের বেশি বিমান হামলা চালালেও আইএসের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু রাশিয়া ফল পেতে তীব্র আক্রমণ চালাবে।
পুশকভ বলেন, ‘আমি মনে করি, তীব্র হামলার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। আইএসের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এত দিন কেবল হামলার অভিনয় করে গেছে, কোনো ফল পায়নি। এ হামলা যদি আরও দক্ষতার সঙ্গে করা হতো, তবে অবশ্যই ফল পাওয়া যেত।’
পুশকভ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দামেস্কের কাছে দায়েশ গ্রুপ (দায়েশ আইএসের আরেক নাম)। আমরা এ গ্রুপটিকে নিশ্চিহ্ন বা অকেজো করে দিতে চাই। সিরিয়ার ভবিষ্যতের বিষয়টি পরে দেখা যাবে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় কথিত জঙ্গি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে রাশিয়া। বিবিসির খবরে বলা হয়, প্রথম দফায় প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। রয়টার্স বলেছে, প্রথম দফা হামলায় শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরকে মস্কোর বিরুদ্ধে ‘তথ্যের আক্রমণ’ বলে অভিযোগ করেছেন পুতিন। গতকাল তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে সমন্বয় করেই সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া।
এদিকে সিরিয়া নিয়ে আলোচনা করার জন্য প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদের সঙ্গে আলোচনায় বসছেন পুতিন।