তুরস্কের সীমান্তসংলগ্ন সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তুর্কি বাহিনী। এ অবস্থার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার জরুরি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন। গত মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের কারও এটাই প্রথম তুরস্ক সফর।
তুরস্কের সামরিক সূত্রগুলো বলছে, সিরিয়ার জারাব্লুস শহরের অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তুর্কি সশস্ত্র বাহিনী। এ ছাড়া ১২ বার বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ানতেপে এক বিয়ের অনুষ্ঠানে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার দুদিন পর গত মঙ্গলবার থেকে এ হামলা শুরু করে তুরস্ক। এ জন্য দেশটি আইএসকে দায়ী করছে।
তুরস্কের সেনাবাহিনীর সাঁজোয়া যান গতকাল বুধবার সিরিয়ার সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে বলে খবর পাওয়া গেছে। আইএসের লক্ষ্যবস্তু ছাড়াও বিদ্রোহী কুর্দি বাহিনীর ওপরও চড়াও হয়েছে তুরস্ক।
এদিকে ন্যাটো জোটসঙ্গী তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল দেশটি সফরে গেছেন। গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে নিয়ে টানাপোড়েনের মধ্যে বাইডেন এ সফর করছেন।
জো বাইডেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করবেন। তবে প্রথমে তিনি বসবেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার ইসমাইল কাহরামানের সঙ্গে।
জো বাইডেনের তুরস্ক সফর শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সিরিয়ার আইএসবিরোধী যে হামলা তুরস্ক শুরু করেছে, তাতে আকাশপথে প্রতিরক্ষা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বাইডেনের সঙ্গে সফররত সাংবাদিকদের এ কথা বলেন ওই কর্মকর্তা।
তুরস্ক ফেতুল্লা গুলেনকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে। যদিও গুলেন অভ্যুত্থানের ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তুরস্ক এই বলে হুঁশিয়ারি দিয়েছে যে গুলেনকে ফেরত না দিলে দুদেশের সম্পর্কের আরও অবনতি হবে। সেই সঙ্গে দেশটিতে মার্কিনবিরোধী মনোভাব আরও বাড়বে।
এদিকে সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোয় তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি)। এর প্রধান সালেহ মুসলিম বলেন, সিরিয়ায় ঢুকে তুরস্ক আসলে পাঁকের মধ্যে পড়ছে। এখানে আইএস যেমন পরাজিত হচ্ছে, তেমনি তুর্কি বাহিনীকেও পরাজয়ের গ্লানি নিতে হবে।