সিরিয়ায় তুর্কি অভিযানে নিহত ৩৫ বেসামরিক লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানের পঞ্চম দিনে গতকাল রোববার কমপক্ষে ৩৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জনের বেশি। সিরিয়ার মাটিতে ঢুকে ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দিবিরোধী অভিযান শুরু করার পর শনিবার প্রথমবারের মতো সেনা হারিয়েছে তুরস্ক। এর পরের দিনই তুর্কি বাহিনীর অভিযানে গতকাল ওই হতাহতের ঘটনা ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি বাহিনীর সহায়তায় সিরীয় বিদ্রোহীদের দখল করে নেওয়া জারাবুলুস শহরের দক্ষিণে অবস্থিত জাবেল কুসা গ্রাম এবং আল আমারনেহ শহরে গতকাল তুর্কি বিমানবাহিনী বোমা এবং স্থলবাহিনী কামানের গোলা বর্ষণ করে। জাবেল কুসা গ্রামের হামলায় নিহত হয় ২০ জন। আহত হয় ৫০ জন। অন্যদিকে, আল আমারনেহ শহরে নিহত হয় ১৫ জন। আহত হয় ২৫ জন।
সিরিয়ায় ঢুকে আইএস ও কুর্দিবিরোধী অভিযান শুরু করার পর নিজেদের সেনাদের প্রথম হতাহতের খবর নিশ্চিত করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শনিবার
তুরস্কের বাহিনীর ট্যাংক ইউনিটে কুর্দি যোদ্ধাদের পাল্টা হামলায় এক সেনা নিহত ও তিন সেনা আহত হন। কুর্দি গণমাধ্যম বলেছে, শনিবারের ওই পাল্টা হামলায় তুর্কি সেনাদের তিনটি ট্যাংক কুর্দি যোদ্ধারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরে সম্ভাব্য আইএসের আত্মঘাতী বোমা হামলা ও দেশের বিভিন্ন স্থানে কুর্দি বিদ্রোহীদের কয়েকটি হামলার প্রেক্ষাপটে গত মঙ্গলবার তুর্কি বাহিনী সিরিয়ায় ঢুকে আইএস এবং কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে অভিযান শুরু করে। তুর্কি বাহিনীর সহায়তায় বুধবার আইএস যোদ্ধাদের হটিয়ে জারাবুলুস এলাকার নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার বিদ্রোহীরা। সেখানেই শনিবার ট্যাংক সজ্জিত তুর্কি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের লড়াই হয়।
তুরস্ক ঘোষণা দিয়েছে, প্রতিবেশী দেশের ভূখণ্ডে থাকা ‘সন্ত্রাসী হুমকি’ শেষ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এই ‘সন্ত্রাসী হুমকি’ বলতে তুরস্ক আইএস এবং কুর্দি যোদ্ধাদের বুঝিয়েছে বলে মনে করা হচ্ছে।
তুরস্কের আশঙ্কা, তার সীমান্তঘেঁষা সিরীয় ভূখণ্ড সেখানকার কুর্দিদের নিয়ন্ত্রণে চলে গেলে তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) শক্তিশালী হয়ে উঠবে। এতে তুরস্কের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। ন্যাটো সদস্য তুরস্কের এই অভিযান সিরিয়ার গৃহযুদ্ধকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে। কারণ কুর্দি বিদ্রোহী এবং তুরস্ক উভয়ই যুক্তরাষ্ট্রের মিত্র।
প্রতিবেশী সিরিয়ায় সাড়ে পাঁচ বছর ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী লড়াইয়ের মধ্যে এটিই তুরস্কের সবচেয়ে বড় সামরিক অভিযান।