সিরিয়ায় দুটি হাসপাতালে হামলা, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার মারাত আল-নুমান শহরে বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতাল ভবন। ছবি: রয়টার্স
সিরিয়ার মারাত আল-নুমান শহরে বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতাল ভবন। ছবি: রয়টার্স

সিরিয়ার উত্তরাঞ্চলে দুটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় রোগী ও চিকিৎসা কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসী ও চিকিৎসাকর্মীরা। তবে কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তুরস্ক সীমান্তবর্তী আজাজ শহরের হাসপাতালসহ বেশ কিছু ভবনে এই বিমান হামলার ঘটনা ঘটে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরাশক্তিগুলো সিরিয়ায় যুদ্ধাবস্থায় বিরতি দেওয়ার পক্ষে একমত হওয়ার এক দিন পরই এই হামলা চালানো হলো।
আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা সানস ফ্রন্টিয়ার্স বলছে, এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া মারাত আল-নুমান শহরে আরেকটি হামলার ঘটনায় আটজন নিখোঁজ রয়েছেন।
এই হামলা কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত না হলেও ফ্রান্সের ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) প্রেসিডেন্ট মেগো তারজিয়ান বলেন, মারাত আল-নুমান শহরে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীই এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এই হামলার ঘটনায় রোগী ও কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এখনো অন্তত আট কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। আমরা জানি না, তাঁরা বেঁচে আছেন কি না।’ 

তবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু অভিযোগ করে বলেন, আজাজ শহরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে বিমান হামলা শুরু করে রাশিয়া।
সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ। এর বাইরে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ।