সিরিয়ায় না খেয়ে কয়েক হাজার অবরুদ্ধ মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় অবরুদ্ধ কয়েক হাজার মানুষ অনাহারে মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গৃহযুদ্ধে অন্তত পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গতকাল সোমবার এসব কথা বলেন সংস্থার মানবাধিকার-বিষয়ক প্রধান জায়িদ রা’দ আল হোসেন। তিনি বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে এভাবে জোর করে মানুষকে অনাহারে রাখা পুরোপুরি নিষিদ্ধ। বেসামরিক মানুষজনকে অবরুদ্ধ করার ফলেই তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হয়।

জায়িদ বলেন, সিরিয়ায় কয়েক বছর ধরে শহর ও গ্রামে অন্তত পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ত্রাণকর্মীরা বলছেন, সিরিয়ায় রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরের শুধু মাদায়া শহরেই শ খানেক মানুষ অনাহারে মারা গেছে। তবে জায়িদ বলেন, বাস্তব পরিস্থিতি হয়তো এর চেয়েও ভয়ংকর। দেশটিতে কয়েক হাজার মানুষ হয়তো না খেতে পেয়ে মারা গেছে। গতকাল থেকেই জাতিসংঘ অবরুদ্ধ সিরিয়ার নাগরিকদের জন্য ত্রাণ কর্মসূচি শুরু করেছে। গত শুক্রবার থেকে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতিতে এ কার্যক্রম চলবে। পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর হলো। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা তেমন ঘটেনি। আগামী পাঁচ দিন দেড় লাখেরও বেশি অবরুদ্ধ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানো হবে।

জায়িদ বলেন, গত পাঁচ বছর সিরিয়ায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অসংখ্য বিমান হামলায় বাড়িঘর, স্কুল ও বাজারঘাট আক্রান্ত হয়েছে। হাজার হাজার ব্যারেল বোমা বর্ষণের মাধ্যমে বাড়িঘর ও সড়ক নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।