সিরিয়ায় প্রত্নতত্ত্ববিদ 'হত্যা' আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ঐতিহ্যবাহী নগর পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে ‘হত্যা’ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পালমিরাকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। গত মে মাসে আইএসের জঙ্গিরা সিরিয়া সরকারের কাছ থেকে পালমিরা দখল করে নেয়। সরকারি বাহিনীর হামলা সত্ত্বেও পালমিরা এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।
পালমিরার প্রাচীন নিদর্শন জাতিসংঘের সংস্থা ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
পালমিরার দখল নেওয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করে আইএস। ৮২ বছর বয়সী এই প্রত্নতত্ত্ববিদের পরিবার বলছে, আইএসের জঙ্গিরা তাঁর শিরশ্ছেদ করেছে।
পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম এই তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার মামুন আব্দুল করিম বলেন, আসাদের পরিবার তাঁকে জানিয়েছে, এই প্রত্নতত্ত্ববিদকে হত্যা করে তাঁর লাশ পালমিরার প্রধান নগর প্রাঙ্গণের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে।
৫০ বছরের বেশি সময় ধরে পালমিরা নিয়ে কাজ করেছেন আসাদ। তিনি সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের প্রধান ছিলেন।
আইএসের জঙ্গিরা সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ দখল করে নিয়েছে। তারা সিরিয়া ও ইরাকে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করেছে। পালমিরায় তারা কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা স্পষ্ট নয়।