সিরিয়ায় ফের ক্লোরিন গ্যাস হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার একটি শহরে হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাস ভর্তি ব্যারেল ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একজন চিকিৎ​সক ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। দেশটির ইদলিব প্রদেশের সারাকিব শহরে এ ঘটনা ঘটেছে। যেখানে অন্তত ৩০ জন আক্রান্ত হয়েছে। তবে কারা এই গ্যাস হামলা চালিয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়।

সিরিয়ার চলমান গৃহযুদ্ধে এই গ্যাস ব্যবহারের জন্য উভয় পক্ষকেই অভিযুক্ত করা হয়েছে। তবে দুই পক্ষই তা অস্বীকার করেছে। এর আগে গতকাল সোমবার একটি রুশ সামরিক হেলিকপ্টার সারাকিবের কাছাকাছি গুলি করে ভূপাতিত করা হয়।

সারাকিবে কর্মরত চিকিৎ​সক আবদেল আজিজ বারিহ বিবিসিকে বলেন, সোমবার রাতে শহরের ওপর ক্লোরিন গ্যাসের দুটি ব্যারেল ফেলা হয়। তিনি বলেন, ‘আমরা জানি যে এটা ক্লোরিন। কারণ, আমরা অতীতে এতে আক্রান্ত হয়েছি। আমরা এর গন্ধ এবং উপসর্গের সঙ্গেও পরিচিত।...আমরা ২৮ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।’
অন্যদিকে সিরিয়ার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এ হামলায় অন্তত ৩৩ জন আক্রান্ত হয়েছে। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের প্রতিষ্ঠানের তরফ থেকেও ওই ব্যারেল দুটিতে ক্লোরিন রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু তাঁরাও এটা নিশ্চিত করতে পারেননি।

ক্লোরিন শিল্প–কারখানায় ব্যবহারের জন্য একটি সাধারণ রাসায়নিক। কিন্তু অস্ত্র হিসেবে এর ব্যবহার ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’–এ নিষিদ্ধ করা হয়েছে। ক্লোরিনের বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালাপোড়া, চামড়া কুঁচকে যাওয়া, শ্বাসকষ্ট এবং মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হয়।

২০১৩ সালে সারাকিব শহরের অধিবাসীদের ওপর সরকারি হেলিকপ্টার থেকে রাসায়নিক আক্রমণের শক্তিশালী প্রমাণ তুলে ধরে বিবিসি। তবে তা অস্বীকার করে সিরিয়া সরকার।