সিরিয়ায় বিমান ভূপাতিত করেছে আইএস
সিরিয়ায় গতকাল বুধবার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিমানটি মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের। বিমানটির পাইলটকে আটক করেছে আইএস। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ খবর দিয়েছে। খবর এএফপির।
অবজারভেটরির এক বিবৃতিতে বলা হয়, ‘রাকা শহরের আখে এলাকায় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইএসের সদস্যরা। এরপর বিমানটির পাইলটকে ধরে নিয়ে গেছে তারা। এ বিষয়ে আমাদের হাতে নিশ্চিত খবর রয়েছে।’
আইএসের রাকা শাখা জিহাদিদের ওয়েবসাইটে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে জঙ্গিদের একজন পাইলটকে ধরে রাখতে দেখা যায়। ছবির নিচে ক্যাপশনে ওই পাইলটকে জর্ডানের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, ওই পাইলটকে একটি জলাধার থেকে ধরে নিয়ে আসছে চার ব্যক্তি। স্থলে নিয়ে আসার পর তার চারপাশে এক ডজনের মতো সশস্ত্র ব্যক্তি ঘিরে রেখেছে। আরেকটি ছবিতে ওই কথিত পাইলটের পরিচয়পত্র দেখানো হয়েছে, যেখানে তার নাম মায়াজ আল-কাসাসবে, জন্ম ১৯৮৮ সালের ২৯ মে এবং পদবি ফার্স্ট লেফটেন্যান্ট হিসেবে উল্লেখ রয়েছে।
জর্ডানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকের বড় অংশ দখল করে নিয়ে আইএস ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেওয়ার পর জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে বিমান হামলা চালাতে যে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট গঠিত হয়, তার অন্যতম সদস্য জর্ডান। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে চারটি দেশ সরাসরি বিমান হামলায় অংশ নিচ্ছে, তার মধ্যেও জর্ডান রয়েছে। অন্য তিনটি দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হামলায় অংশ নেওয়া অন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ডস।
জোটের যুদ্ধবিমানগুলো সিরীয় শহর রাকা ও এর আশপাশে নিয়মিতই বোমাবর্ষণ করে আসছে। শহরটিকে আইএস স্বঘোষিত ‘খিলাফত রাষ্ট্রে’র রাজধানী হিসেবে উল্লেখ করা হচ্ছে।