সিরিয়ায় বিমান হামলায় ২৬ জন নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য বিমান হামলায় শিশুসহ ২৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ার অধিকার কর্মীরা এমনটাই দাবি করেছেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হাসাখা প্রদেশের আল-হাওয়ালের কাছে আল-খান গ্রামে ওই বিমান হামলা হয়।
ইরাকে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র বলেছেন, বিমান হামলায় বেসামরিক লোকজনের নিহত হওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। তথ্য সত্য হলে তদন্ত করা হবে। তদন্তের ফল প্রকাশ করা হবে।
অন্যদিকে সিরিয়ার সরকার দাবি করেছে, পৃথক বিমান হামলায় তিনজন সিরীয় সেনা নিহত হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় দেইর আল জুর প্রদেশের একটি সেনা-ক্যাম্পে গত রোববার রাতে জোটের বিমান হামলা হয়। ওই বিমান হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যায়িত করেছে সিরিয়া।
মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার ওই অভিযোগ নাকচ করে বলেছে, রোববার রাতে তারা সেখানে কোনো বিমান হামলা চালায়নি।
আরও পড়ুন: