সিরিয়ায় বিমান হামলায় ৮ শিক্ষার্থী ও শিক্ষক নিহত
সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ান বিমান হামলায় একটি স্কুলে অন্তত আট শিশু শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায় বলে আজ সোমবার এএফপি’র খবরে বলা হয়।
আলেপ্পো প্রদেশের আনজারা শহরে চালানো এ হামলায় আহত হয়েছে অন্তত ২০জন। তারা সবাই শিক্ষার্থী ও শিক্ষক। উত্তরাঞ্চলীয় এই প্রদেশটিতে গত রোববার থেকে সরকার সমর্থিত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক বিমান হামলা ও সংঘর্ষ চলছে।
সিরিয়ায় পরিস্থিতি পর্যালোচনায় সক্রিয় মানবাধিকার সংগঠনটি আরও জানায়, সরকারের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো শহরে বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে তিন শিশু প্রাণ হারায়। ২০১২ সালের মধ্যভাগ থেকে আলেপ্পো শহরের পশ্চিমভাগ সরকারের নিয়ন্ত্রণে আর পূর্ব ভাগ বিদ্রোহীদের দখলে।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র দেশ রাশিয়া গত ৩০ সেপ্টেম্বর থেকে বাশারবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও জঙ্গিদের অবস্থানে পৃথকভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সংগঠনটি জানায়, গত ডিসেম্বরে রাশিয়ান বিমান হামলায় ২৩ শ’র বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে ৭৯২জনই সাধারণ মানুষ।