সিরিয়ায় মসজিদে বিমান হামলায় নিহত ৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। আলেপ্পোর আল-জিনেহ গ্রামে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বিমানবাহিনী ও মার্কিন বাহিনী দেশটির বিভিন্ন অংশে বিদ্রোহী ও জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শুক্রবার জানায়, আলেপ্পোর বিমান হামলায় আহত হয়েছে আরও শতাধিক। হতাহত ব্যক্তিরা প্রায় সবাই বেসামরিক লোক। অবজারভেটরি বলেছে, যে গ্রামে হামলাটি চালানো হয়, তা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন।
সিরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল জন জে টমাস বলেন, মার্কিন বাহিনী আলেপ্পোয় কোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়নি। তবে ইদলিবে একটি মসজিদ থেকে ১৫ মিটার দূরের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে আল-কায়েদা জঙ্গিদের বৈঠক চলছিল বলে খবর ছিল।
ইসরায়েল-সিরিয়া পাল্টাপাল্টি
এদিকে ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান গতকাল সিরিয়ার প্রাচীন শহর পালমিরাসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটি নিজেরাও এ কথা নিশ্চিত করেছে। অন্যদিকে, এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, পালমিরার কাছে তারা একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইসরায়েল সিরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করলেও তাতে কোনো যুদ্ধবিমান হারানোর কথা নাকচ করে দিয়েছে।