সিরিয়ায় মার্কিন হামলায় ৫৬ বেসামরিক মানুষ নিহত
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়ন্ত্রিত একটি গ্রামের কাছাকাছি গতকাল মঙ্গলবার ভোরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ১১ শিশুসহ অন্তত ৫৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।
অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-তুখার গ্রামের কাছে ওই বিমান হামলা হয়। এ সময় স্থানীয় লোকজন সেখান থেকে পালাচ্ছিল। তিনি বলেন, জোট বাহিনীর যুদ্ধবিমানের পাইলট সম্ভবত ওই গ্রামবাসীকে আইএসের যোদ্ধা বলে ধরে নিয়েছিলেন।
এ বিষয়ে জোট বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা শুধু বলেছে, ঘটনাটি খতিয়ে দেখা হবে। আল-তুখার গ্রামের অবস্থান আলেপ্পোয় আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত মানবিজ শহর থেকে ১৪ কিলোমিটার উত্তরে।
কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ার সরকার বিরোধীদের একটি বাহিনী গত মাসের শেষ দিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় মানবিজের পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে। তবে আইএসের পোঁতা ভূমিমাইনের কারণে ওই যোদ্ধারা দ্রুত এগোতে পারছে না। এ ছাড়া জঙ্গিরা একাধিকবার আত্মঘাতী হামলাও চালিয়েছে।
সিরিয়ার ছয় বছরে পড়া গৃহযুদ্ধে ২০১১ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৮০ হাজার মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।