সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করবে তিন দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসতানায় দ্বিতীয় দিনের আলোচনার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের দূত স্তেফান দে মিসতুরা l এএফপি
আসতানায় দ্বিতীয় দিনের আলোচনার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের দূত স্তেফান দে মিসতুরা l এএফপি

সিরিয়ায় বিবদমান পক্ষগুলোর মধ্যে তিন সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে যৌথভাবে কার্যকর করবে বলে জানিয়েছে রাশিয়া, তুরস্ক ও ইরান। গতকাল মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আসতানায় সিরিয়া শান্তি আলোচনা শেষে এ ঘোষণা আসে।  

আসতানায় সিরিয়া ইস্যুতে আগামী মাসে জেনেভা আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তাদের এ ইচ্ছাকে সমর্থন জানিয়েছে এই তিন দেশ।

গতকাল বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা পাঠ করেন কাজাখ পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখমানভ। তিনি বলেন, রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ায় সহিংসতা কমানো, আস্থা গঠন, মানবিক কারণে প্রবেশাধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং বেসামরিক লোকজনের অবাধ চলাফেরার বিষয়ে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে তিন দেশ আরও জানায়, সিরিয়া সংঘাতের কোনো সামরিক সমাধান দুদিনের আলোচনা থেকে আসেনি। তবে এই বিবৃতিটি সিরিয়া সরকার কিংবা বিদ্রোহীরা সমর্থন করেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিদ্রোহীদের এক মুখপাত্র বলেন, কোনো চুক্তিই সই হবে না।

এর আগে আসতানার বৈঠকে সহায়তাকারীর ভূমিকায় থাকা সিরিয়ায় জাতিসংঘের দূত স্তেফান দে মিসতুরা গতকাল বলেন, এ আলোচনা থেকে যাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে, সে জন্য তারা জোর চেষ্টা-তদবির করছেন।

 উল্লেখ্য, গোটা সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি কার্যকরের উদ্দেশ্যে রাশিয়া ও তুরস্ক আসতানায় শান্তি আলোচনার আয়োজন করে।

সরকারের বিরুদ্ধে ক্রমাগত বোমাবর্ষণের অভিযোগ তুলে এর আগের দিন সোমবার সামনাসামনি সাক্ষাতে বসতে অস্বীকৃতি জানিয়েছিল বিদ্রোহীরা।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসতানায় চলা সিরিয়া শান্তি আলোচনা বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু গতকাল ফোনে আলাপ করেছেন। এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, লাভরভ ও চাভুসোগলু সিরিয়া সরকার ও বিরোধীদের প্রতিনিধিদের সরাসরি আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।