সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রস্তাব অনুমোদিত
বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ-সহায়তা পৌঁছানোর জন্য রাশিয়ার দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব গতকাল শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে।
রাশিয়ার তৈরি করা প্রস্তাবটিতে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব এবং সিরিয়াজুড়ে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করার কথা বলা হয়েছে।
রাশিয়া এর আগে আশাবাদ প্রকাশ করে বলেছিল, তাঁদের এই উদ্যোগ নিরাপত্তা পরিষদের সব সদস্যের সমর্থন পাবে। তবে এই প্রক্রিয়া খুব একটা সহজ হবে বলে মনে করা হচ্ছিল না।
এ মাসেই কাজাখস্তানের রাজধানী আসতানায় সিরীয় সরকারি কর্তৃপক্ষ এবং বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা হবে। সেখানে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে আশাবাদী মস্কো।
তুরস্ক ও রুশ কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘ শান্তি আলোচনাকে আরও ত্বরান্বিত করার জন্যই আসতানা শান্তি আলোচনা। এটা জাতিসংঘের উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ নয়।
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছিলেন, ‘আমরা আশাবাদী নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করবে।’
বৈশ্বিক সংস্থাটিতে কর্মরত কূটনীতিবিদেরা বলেছিলেন, এই প্রস্তাব নিয়ে রাশিয়া তাড়াহুড়া করছে। কিন্তু এখনো তা ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। ফলে খুব দ্রুতই তা পাস হয়ে যাবে এমনটা না-ও হতে পারে। তবে রাশিয়া প্রস্তাব
পাশের জন্য প্রয়োজনীয় নয়টি ভোট পেতে বেশ তোড়জোড় করে। ওয়াশিংটন ‘অস্বাভাবিকভাবে’ এই প্রস্তাবের ব্যাপারে নীরব ছিল।
গত শুক্রবার ছিল যুদ্ধবিরতির প্রথম দিন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, সেদিনও ওয়াদি বারাদা এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীরা সেখানে পানি সরবরাহের লাইন কেটে দিয়েছে। ফলে সিরিয়ার রাজধানী দামেস্কের ৪০ লাখ লোক পানিবিহীন অবস্থায় রয়েছে।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে হেলিকপ্টার নিয়ে মহড়া দিয়েছে। তবে সেখানে লড়াই হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে রয়েছে আল-কায়দা থেকে বেরিয়ে আসা ফাতেহ আল-শাম ফ্রন্ট (আগে আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত)। সিরীয় বাহিনী বলছে, এই বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতির বাইরে। তবে বিদ্রোহীরা বলছে, যুদ্ধবিরতি সবার বেলায় কার্যকর হবে, তা ফাতেহ আল-শাম ফ্রন্টই হোক না কেন।