সিরিয়ায় যুদ্ধবিরতিতে রাজি সরকার ও বিদ্রোহীরা
যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরিয়া সরকার এবং বিদ্রোহী গ্রুপগুলো। স্থানীয় সময় গতকাল মধ্যরাত থেকেই এটি কার্যকর হওয়ার কথা। এক শান্তি আলোচনার পর এমন একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিয়া সরকারের পক্ষে রাশিয়া এবং বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষে তুরস্ক জিম্মাদার হয়েছে। রাশিয়া সিরিয়ার সরকারি বাহিনী এবং তুরস্ক বাশারবিরোধী বিরোধী বাহিনীকে সমর্থন করে আসছে। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারবিরোধী গ্রুপগুলোর সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তবে এই আলোচনার মধ্যে আইএস এবং আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপকে রাখা হয়নি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শিগগিরই সরকারি ও বিদ্রোহী পক্ষ কাজাখস্তানে শান্তি আলোচনায় বসবে।
গতকাল আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, যুদ্ধবিরতির বিষয়টি যেকোনো সময় কার্যকর হতে পারে। তিনি বলেন, ‘নতুন বছর শুরুর আগেই এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।’ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা ‘নেতাদের ইচ্ছা’ বলে তিনি জানান।
এ মাসের শুরুর দিকে আঙ্কারা এবং মস্কোর মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে হাজার হাজার লোককে যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে সরিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের জুনে তুরস্ক সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি সামরিক বিমান ভূপাতিত করলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে।