সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে রুশ বিমান হামলা শুরু হয়। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব ও হোমসে সাম্প্রতিক সময়ে এটি বড় ধরনের রুশ বিমান হামলা।
বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাচেনকোভ বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ইদলিবে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরে তা গৃহযুদ্ধের আকার ধারণ করে। এসব ঘটনায় তিন লাখেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।