সিরিয়ায় শিশু হাসপাতালে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় একটি শিশু হাসপাতালে বিমান হামলা হয়েছে। এ সময় কামানের গোলাও ছোড়া হয়। এতে হাসপাতালের ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনী সংশ্লিষ্ট এলাকায় বিমান ও কামান দিয়ে হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অধিকারকর্মীদের ভাষ্য, গত দুই দিনে আলেপ্পোয় হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের মিত্র রাশিয়া-ঘোষিত তিন সপ্তাহকালের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই আলেপ্পোয় বিমান হামলা শুরু হয়।

হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার বায়ান শিশু হাসপাতালের পরিচালক ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য হন।

অধিকারকর্মীরা বলছেন, বড় ধরনের স্থল অভিযানের আগে দেশটির সরকারি বাহিনী আলেপ্পোয় বিমান হামলা শুরু করেছে। বিভিন্ন রণাঙ্গনে বিপুল সেনা সমাবেশ ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি বলছে, গতকাল বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে ব্যারেলবোমা। বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে কামান ব্যবহার করা হয়েছে।

গোষ্ঠীটির ভাষ্য, এই হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।

ইনডিপেনডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে, হামলায় বায়ান শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতালটির পরিচালক ও চিকিৎসক হাতেমের বরাতে বলা হচ্ছে, তিনি ভবনের ভূগর্ভে আটকা পড়েছেন। আকাশে বিমান উড়ছে।

আলেপ্পোর পশ্চিমাঞ্চলেও বিমান হামলা অব্যাহত আছে বলে খবর মিলছে। সেখানে গতকাল ১৯ জন নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরির ভাষ্য।