সিরিয়ায় সেনাক্যাম্পে 'যৌথ বাহিনীর হামলা', নিহত ৩
সিরিয়া অভিযোগ করেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় দেইর আল জুর প্রদেশের একটি সেনা ক্যাম্পে গত রোববার রাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন সিরীয় সেনাসদস্য নিহত ও ১৩ জন সেনাসদস্য আহত হয়েছেন। ওই বিমান হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যায়িত করে হামলায় ক্যাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।
তবে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে বলেছে, রোববার রাতে তারা সেখানে কোনো বিমান হামলা চালায়নি। খবর বিবিসির।
সিরিয়া দেইর আল জুর প্রদেশের ঠিক কোন সেনা ক্যাম্পে বিমান হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেইর আল জুর প্রদেশের উত্তরাঞ্চলীয় আইয়াশ শহরের কাছে সায়েকা ক্যাম্পে যৌথ বাহিনীর জেট বিমান থেকে বোমা ফেলা হয়। সিরিয়া সরকার তিনজন নিহত হওয়ার কথা বললেও ওই সংগঠনটির দাবি, এতে এতে চারজন নিহত হয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি গতকাল আরও জানায়, রাতে দেইর আল-জুর শহরে চালানো মার্কিন নেতৃত্বাধীন জোটের পৃথক বিমান হামলায় এক নারী ও তাঁর দুই সন্তান নিহত হয়েছে।
সিরিয়া সরকার ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি সত্য হলে এটি হবে আইএস নির্মূলে ইরাক ও সিরিয়ায় চালানো মার্কিন বাহিনীর বোমা হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য নিহত হওয়ার প্রথম ঘটনা।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জোট বাহিনীর চারটি যুদ্ধবিমান থেকে ক্যাম্পটিতে কমপক্ষে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ছাড়াও সিরীয় সেনাদের তিনটি সাঁজোয়া যান, চারটি সামরিক যান, বহু ভারী মেশিনগান এবং বিস্ফোরক ধ্বংস হয়ে যায়।
জঙ্গিগোষ্ঠী আইএসকে নির্মূলে যুক্তরাষ্ট্র ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বিমান হামলা চালাচ্ছে। তবে জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, তাঁরা সিরিয়ার অভিযোগের কথা শুনেছেন। তবে সেখানে তাঁরা কোনো অভিযান চালাননি।
রয়টার্সের এক খবরে জানানো হয়, ন্যাটোর মহাসচিব জ্যঁ স্টলটেনবার্গ সিরিয়ায় সক্রিয় আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পদাতিক বাহিনী পাঠানোর কথা উড়িয়ে দিয়েছেন। এ ক্ষেত্রে বরং স্থানীয় বাহিনীকে মদদ দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
বিমানবাহিনীর পাশাপাশি পদাতিক বাহিনী পাঠানো হবে কি না, প্রশ্নের জবাবে সুইস এক সংবাদপত্রকে ন্যাটো মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক বিশেষ বাহিনী রয়েছে। তবে দৃশ্যত স্থানীয় বাহিনীকে শক্তিমত্তা বাড়াতে ভূমিকা রাখছে তারা। এটা সহজ না হলেও একমাত্র উপায়। এ ছাড়া এ যুদ্ধ মুসলিম বিশ্ব ও পশ্চিমাদের মধ্যে নয়, বরং ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থার’ বিরুদ্ধে বলে জোর দেন জ্যঁ স্টলটেনবার্গ।