সিরিয়ায় হামলা শুরু করেছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে সিরিয়া অভিযানে যোগ দিতে গতকাল সাইপ্রাসের পথে উড়ে যায় এই টর্নেডো জিআরফোর যুদ্ধবিমানটি l এএফপি
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে সিরিয়া অভিযানে যোগ দিতে গতকাল সাইপ্রাসের পথে উড়ে যায় এই টর্নেডো জিআরফোর যুদ্ধবিমানটি l এএফপি

পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পরপর গতকাল বৃহস্পতিবার সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলায় যোগ দিয়েছে ব্রিটিশ বাহিনী। প্রথম দফায় তারা সেখানে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন একটি তেল ক্ষেত্রে বোমাবর্ষণ করে। খবর এএফপির।
জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় যুক্তরাজ্য যোগ দেবে কি না, তা নিয়ে দেশটির পার্লামেন্টে গত বুধবার রাতে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হামলায় যোগ দেওয়ার প্রস্তাব ৩৯৭ জন এমপির সমর্থন পায়। আর বিপক্ষে ভোট দিয়েছেন ২২৩ জন আইনপ্রণেতা। এর আগে বিষয়টি নিয়ে পার্লামেন্টে অন্তত ১০ ঘণ্টা বিতর্ক হয়েছে।
পার্লামেন্টের অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটিশ বিমানবাহিনী সিরিয়ায় অভিযান শুরু করে। এ হামলার জন্য যুক্তরাজ্য সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। চারটি যুদ্ধবিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে ওমর নামের একটি তেলক্ষেত্রে বোমাবর্ষণ করা হয়। জায়গাটি ইরাক সীমান্ত থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে। ব্রিটিশ সরকার বলছে, তেল খাত থেকে আইএসের আয়ের অন্তত ১০ শতাংশ ওই এলাকা থেকে আসে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া অভিযানে যুক্তরাজ্যের ওই অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মাসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর সিরিয়ায় পশ্চিমা বাহিনীর হামলার গুরুত্ব বেড়ে যায়। ওই হামলার পর ওলাঁদ সিরীয় জঙ্গিদের ব্যাপারে ইউরোপীয় নেতাদের নতুন করে তৎপর হওয়ার আহ্বান জানান।
বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ অনেক এমপিই সিরিয়ায় বিমান হামলার বিরোধিতা করেছেন। তবে দলটির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র হিলারি বেন ওই হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। আগে থেকেই বিষয়টি নিয়ে দলটির মধ্যে মতভেদ ছিল। তবে লেবার নেতারা এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অনুমোদন দিয়েছিলেন। শেষ পর্যন্ত লেবার পার্টির মোট ২৩১ জন এমপির মধ্যে ৬৬ জন সিরিয়ায় হামলা চালানোর পক্ষে ভোট দেন। এতে করবিনের ছায়া মন্ত্রিসভার ১১ জন সদস্যও রয়েছেন।