সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৭
সিরিয়ার আলেপ্পো শহরের আল-কুদস হাসপাতালে বিমান হামলায় ১৪ জন রোগী, তিনজন চিকিৎসকসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। চিকিৎসকদের দাতব্য সংগঠন মেদসো সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস হাসপাতালটি এমএসএফের সহায়তাপুষ্ট। স্থানীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকার বা রাশিয়ার যুদ্ধবিমান এই হামলার ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএসএফ আজ এক টুইট বার্তায় জানিয়েছে, আলেপ্পোতে এমএসএফের সহায়তাপুষ্ট হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে। এতে ১৪ জন রোগীসহ কর্মকর্তারা নিহত হয়েছেন। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল বুধবার সরাসরি একটি বিমান জনপ্রিয় এই হাসপাতালটিতে হামলা চালায়। সংস্থাটি বলছে, আল-কুদস হাসপাতালে হামলার ঘটনায় তাঁরা নিন্দা জানিয়েছেন। এতে জনগণ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ঘটনাস্থলে থাকা জুহাইর নামের ওই হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালে চারপাশের ভবনগুলোতেও আঘাত লেগেছে। তিনি বলেন, দুটি রকেট থেকে এই হামলা চালানো হয়েছে। এগুলো রাশিয়ার খুব ভারী রকেট ছিল।
জুহাইর বলেন, ‘হাসপাতালটির পার্শ্ববর্তী একটি ছয়তলা ভবন এই হামলায় ধসে পড়েছে। আমরা জানি না, ওই ধ্বংসস্তূপের নিচে কতগুলো মানুষ চাপা পড়ে মারা গেছে।’
ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বলছে, হাসপাতাল ও এর আশপাশের ভবনগুলোতে ধারাবাহিকভাবে চারটি বিমান হামলা চালানো হয়েছে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, হাসপাতালে বিমান হামলার ঘটনায় মোহাম্মদ ওয়াসিম মোয়াজ (৩৬) নামের একজন শিশুরোগ বিশেষজ্ঞ নিহত হয়েছেন।