সিরিয়ায় ৫০ আইএস যোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহিন শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। গতকাল রোববার সরকারি বাহিনীর ওপর হামলার পর তারা শহরটি নিয়ন্ত্রণে নেয়। একটি পর্যবেক্ষক সংস্থা ও আইএসের দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এদিকে গতকাল নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে তুরস্কের বার্তা সংস্থা অ্যানাডলু এজেন্সি জানায়, সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের ৫০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। খবর রয়টার্সের।

সিরিয়ার মাহিন শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে আইএস যোদ্ধারা দামেস্ক-হোমস প্রধান মহাসড়কের মাত্র ২০ কিলোমিটারের মধ্যে এসে পড়ল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শনিবার রাতে দুটি গাড়িবোমা হামলার মধ্য দিয়ে আইএস হামলার সূত্রপাত ঘটায় এবং রোববার সকালে তারা মাহিন শহরের নিয়ন্ত্রণ নেয়। তুরস্ক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, রোববার পার্লামেন্ট নির্বাচনের আগে তুরস্কের বিমান সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ওই অভিযানে তুরস্কের কিলিস প্রদেশসংলগ্ন সিরিয়ার সীমান্ত এলাকায় আইএসের আটটি লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়া হয়।