সিরিয়ায় 'গ্যাস হামলার' ভিডিও কাঁদাল তাঁদের
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে গত মাসে সম্ভাব্য ক্লোরিন গ্যাস হামলার একটি ভিডিও দেখে কাঁদলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। ভিডিও ফুটেজটিতে দেখা যায়, ওই হামলায় আক্রান্ত তিনটি শিশুসহ কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকেরা। খবর বিবিসির।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার ওই ভিডিও দেখার বৈঠকটিকে বর্ণনা করেন ‘খুবই আবেগপূর্ণ’ হিসেবে। ইদলিবের সারমিন গ্রামে গত ১৬ মার্চের ওই গ্যাস হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সিরিয়ার সরকার এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
ভিডিওতে দেখা যায়, চিকিৎসকেরা আক্রান্ত তিনটি শিশু, তাদের মা-বাবা ও দাদিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু তিনটির বয়স এক থেকে তিন বছরের মধ্যে।
বৈঠকে অংশ নেওয়া সিরীয় চিকিৎসক জাহের শাহলুল বিবিসিকে বলেন, ভিডিওতে যা দেখা গেছে, তা জাতিসংঘের প্রতিনিধিদের আলোড়িত করেছে। সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটির এই সদস্য বলেন, ‘তাঁদের কেউ কেউ কাঁদছিলেন। অনেকেই কূটনীতিক ভাষার বাইরে গিয়ে কথা বলেন। কেউ কেউ বলেন, এটি অত্যন্ত জঘন্য কাজ। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।’
সিরিয়ার চিকিৎসকেরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, সারমিন গ্রামের আকাশে কয়েকটি হেলিকপ্টার উড়ে যাওয়ার শব্দ শোনা গিয়েছিল। এরপর সেখানে হঠাৎ কোনো কিছু পড়ার শব্দ হওয়ার পর রাসায়নিক পদার্থের তীব্র গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা। তার পর থেকে শ্বাসকষ্ট নিয়ে দলে দলে লোক আসতে থাকেন স্থানীয় হাসপাতালে। স্থানীয় মানবাধিকার কর্মীরা ঘটনাটির বিষয়ে যে কথা বলেছিলেন, তার সঙ্গেও মিলে যায় চিকিৎসকদের এই ভাষ্য।
‘তুরস্কের সহায়তায়’ ইদলিবের পতন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, সম্প্রতি ইদলিব শহরের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর কাছ থেকে জঙ্গিদের কাছে চলে যাওয়ার পেছনে প্রধান কারণ ছিল প্রতিবেশী তুরস্কের সামরিক ও পরামর্শ সহায়তা। তুর্কি সীমান্ত থেকে অল্প দূরত্বে অবস্থিত ইদলিব সিরিয়ার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যেটি গত চার বছরের গৃহযুদ্ধে জঙ্গিদের হাতে চলে গেছে। সুইডেনের এক্সপ্রেসেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, ‘ইদলিবের পতনের প্রধান কারণ ছিল তুরস্কের সামরিক ও পরামর্শ সহায়তা। এ ছাড়া সৌদি আরব ও কাতারের মাধ্যমে আর্থিক সহায়তাও এসেছিল।’