সীমানার বাইরে 'আরও তৎপর' হবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে নিজস্ব জলসীমার বাইরেও তৎপরতা বাড়াবে চীনা সামরিক বাহিনী। আকাশসীমায়ও নিজেদের অবস্থান আরও বেশি করে জানান দেবে তারা। এর মাধ্যমে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণকাজে সুরক্ষা দেওয়া হবে। চীনা মন্ত্রিসভার এক শ্বেতপত্রে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়েছে। খবর এএফপির।
চীনা মন্ত্রিসভা স্টেট কাউন্সিলের ওই শ্বেতপত্রে বলা হয়, শুধু ‘উপকূলবর্তী জলসীমা প্রতিরক্ষা’র পরিবর্তে ‘উন্মুক্ত সাগর সুরক্ষা’র ওপরে অধিকতরভাবে জোর দেবে চীনা নৌবাহিনী। একই সঙ্গে বিমানবাহিনী ‘আঞ্চলিক বিমান প্রতিরক্ষার পরিবর্তে আত্মরক্ষা ও আক্রমণ উভয়ের ওপরে’ মনোযোগ নিবদ্ধ করবে। শ্বেতপত্রে আরও বলা হয়েছে, চীনা সামরিক বাহিনী বৈশ্বিকভাবে তৎপরতা বাড়াবে এবং এর গোলন্দাজ বাহিনী ‘মধ্যম ও দূরপাল্লার নিখুঁত হামলা’র সক্ষমতাকে আরও দৃঢ় করবে।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই শ্বেতপত্র প্রকাশিত হলো। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাকেই নিজেদের বলে দাবি করে থাকে বেইজিং। তবে ফিলিপাইন, ভিয়েতনামসহ আঞ্চলিক কয়েকটি দেশও সাগরটির কিছু অংশের দাবিদার।
চীন গত শুক্রবার জানায়, তারা যেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করছে, তার কাছ দিয়ে একটি মার্কিন নজরদারি বিমান উড়ছিল। পরে সেটিকে ধাওয়া করে ‘বিতাড়িত’ করে চীনা বাহিনী। সিএনএনের খবরে বলা হয়, চীনা নৌবাহিনী মার্কিন পাইলটের উদ্দেশে তখন আটবার সতর্কবার্তা জারি করে। ওই পাইলটদের উত্তর ছিল, তাঁরা ‘আন্তর্জাতিক আকাশসীমা’য় রয়েছেন।
চীন ওই ঘটনায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে। ওই মার্কিন ফ্লাইটকে ‘অতিমাত্রায় দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ কাজ আখ্যা দিয়ে বেইজিং সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটাতে পারে।
চীনা স্টেট কাউন্সিলের শ্বেতপত্রে সরাসরি নাম উল্লেখ না করা হলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতি সতর্কবাণীও উচ্চারণ করা হয়েছে। বিশেষ করে এশিয়ায় ‘পুনঃভারসাম্য’ প্রতিষ্ঠাসংক্রান্ত মার্কিন ঘোষণা এবং সম্প্রতি জাপানের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনার ঘোষণাকে ‘উদ্বেগ’ সৃষ্টিকারী বিষয় হিসেবে দেখা হয়েছে এতে। শ্বেতপত্রে বলা হয়েছে, ‘বাইরের কিছু দেশ দক্ষিণ চীন সাগর ইস্যুতে নাক গলাতে ব্যস্ত রয়েছে। তাদের মধ্যে কয়েকটি দেশ চীনের বিরুদ্ধে আকাশ ও নৌপথে অব্যাহতভাবে নজরদারি করছে।’
চীনা সামরিক বাহিনী অনলাইনে সক্ষমতা বাড়াবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে শ্বেতপত্রে। চীনা সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওয়াশিংটন সাইবার হামলার অভিযোগ তোলার প্রেক্ষাপটে এই ঘোষণা এল। শ্বেতপত্রে বলা হয়েছে, ‘চীন একটি সাইবার-বাহিনী গড়ে তুলতে কাজ করবে।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল আরও বলেছে, দেশটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের শৈলশিরায় দুটি ৫০ মিটার উঁচু বাতিঘর নির্মাণ করবে। কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দ্বীপপুঞ্জের কুয়ারটেরোন এবং জনসন সাউথ শৈলশিরায় ওই বাতিঘর দুটি নির্মাণ করা হবে।
স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের মালিকানার দাবিদার ভিয়েতনাম এবং ফিলিপাইনও। জনসন সাউথ শৈলশিরা নিয়ে ১৯৮৮ সালে চীনা ও ভিয়েতনামি নৌবাহিনীর মধ্যে লড়াইও হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ব্যয় বিপুলভাবে বাড়ানোর দিকে নজর দিয়েছে বেইজিং। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে প্রথম বিমানবাহী রণতরী পেয়েছে দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি চীনা নৌবাহিনীর বহরে ডুবোজাহাজসহ অন্যান্য যুদ্ধজাহাজের সংখ্যাও বাড়ছে অতি দ্রুত।
চীনের এই সামরিক উত্থানে এশীয় প্রতিবেশী দেশগুলো চরম উদ্বেগে রয়েছে। এর মধ্যে যেমন বেইজিংয়ের সঙ্গে জলসীমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়া দেশগুলো রয়েছে, তেমনি রয়েছে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত আরও কয়েকটি প্রভাবশালী দেশও। তবে বেইজিং বলে আসছে, সামরিক খাতে তাদের এই বিনিয়োগ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, তারা বিনিয়োগ করছে নিছক প্রতিরক্ষার স্বার্থেই।