সীমান্ত থেকে ভারতকে সেনা সরাতে বলল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, চীন ও ভুটানের মধ্যবর্তী ডোকলাম উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। চীন ও ভুটান এই উপত্যকাটিকে নিজের বলে দাবি করে। ভুটানের দাবির পক্ষে ভারত সমর্থন জানানোয় এই উত্তেজনার সৃষ্টি। পারমাণবিক শক্তিধর দুই দেশ—চীন ও ভারতের সেনারা সেখানে মুখোমুখি অবস্থান করছে। উপত্যকাটি চীনে ডংল্যাং এবং ভারতে ডোকলাম নামে পরিচিত।

এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, এক মাসের বেশি সময় পার হয়ে গেছে, ভারত এখনো চীনের এলাকায় শুধু সেনা মোতায়েন অব্যাহতই রাখেনি, সেই সঙ্গে তারা পেছন ভাগের সড়ক মেরামত, সরঞ্জাম মজুত ও সশস্ত্র সেনার সংখ্যাও বিপুল হারে বাড়িয়ে চলেছে। ভারতের প্রতি মোতায়েন করা সেনা ‘তাৎক্ষণিক প্রত্যাহারের’ আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, এই সেনা মোতায়েন ‘নিশ্চিতভাবেই শান্তির জন্য নয়’।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ডোকলাম ইস্যুতে ভারত সরকারের প্রতিক্রিয়ার পক্ষে মত দিয়ে বলেন, এই সমস্যা শুধু দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান করা সম্ভব।

সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর ব্যাপারে বিরোধী দলগুলোর আহ্বানের পরিপ্রেক্ষিতে সুষমা বলেন, চীনের সঙ্গে মুখোমুখি অবস্থানের সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে করতে হবে। তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই বিবাদের সমাধান নয়। কূটনৈতিকভাবে সমাধান করাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা শুধু ডোকলাম নিয়েই আলোচনা করছি না, চীনের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করছি।’