সীমান্ত পুরোপুরি উন্মুক্তের ঘোষণা নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে কঠোর বিধিনিষেধ জারি করে, তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম
ছবি: রয়টার্স

আগামী ৩১ জুলাই মধ্যরাত থেকে সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আজ বুধবার এ ঘোষণা দেন। একই দিন স্থানীয় বন্দরগুলোতে প্রমোদতরিও আগের মতো ভিড়তে পারবে বলে জানান তিনি। খবর রয়টার্সের।

সরকারের বেঁধে দেওয়া পূর্ববর্তী সময়সীমার চেয়ে দুই মাস আগেই জুলাইয়ের শেষে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। ফলে যে ভ্রমণকারীদের ভিসার প্রয়োজন, তাঁরা এখন নিউজিল্যান্ডে আসতে পারবেন।

অকল্যান্ডে বিজনেস এনজেডের উদ্বোধনী ভাষণে আরডার্ন বলেন, সীমান্ত খুলে দেওয়ায় দক্ষ শ্রমিক সংকট কমিয়ে আনতে সহায়তা করবে। পর্যটন উন্মুক্ত হবে। অভিবাসন প্রক্রিয়াটি আরও নিরাপদ হবে।

আরডার্ন বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমাদের পরীক্ষিত পরিকল্পনা কাঠামো তৈরি করছি।’

করোনা সংক্রমণের প্রেক্ষাপটে ২০২০ সালের মার্চে সীমান্তে বিধিনিষেধ আরোপ করে নিউজিল্যান্ড। দেশের বাইরে থেকে প্রবেশে নিউজিল্যান্ড তার সীমান্ত দীর্ঘ সময় ধরে বন্ধ রাখে। এতে বিদেশি ভ্রমণকারীদের পাশাপাশি নিজ দেশের নাগরিকেরাও বিড়ম্বনায় পড়েন।

করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে কঠোর বিধিনিষেধ জারি করে, তাদের মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। অবশ্য করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের সফল দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের নামও উচ্চারিত হয়।
সম্প্রতি বিশ্বের অধিকাংশ দেশের পাশাপাশি নিজ দেশেও করোনার সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ শিথিল করছে নিউজিল্যান্ড। এরই ধারাবাহিকতায় এবার কিছুটা আগেই সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা এল।