জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে প্রাণ বাঁচাতে গত কয়েক দিনে এক লাখের বেশি সিরীয় কুর্দি পালিয়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় নিয়েছে। সিরিয়া থেকে মানুষের এই ঢল ঠেকাতে সীমান্তের সব প্রবেশপথ বন্ধ করে দিচ্ছে তুরস্ক।
এদিকে আইএস জঙ্গিরা উত্তর-পূর্ব সিরিয়ার সীমান্তবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ কোবানে শহরের আশপাশের আরও বেশ কয়েকটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। নতুন এলাকা দখলে যুদ্ধ অব্যাহত রেখেছে তারা। গতকাল সোমবার তুরস্কের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
তুরস্কের সরকার গতকাল জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী এক লাখ ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক তাঁদের দেশে আশ্রয় নিয়েছে। জরুরি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সিরিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু মুরসিতপিনার এলাকায় একটি পয়েন্টে সীমান্ত খোলা রাখা হয়েছে। যাতে শরণার্থীদের শনাক্ত করা সহজ হয় এবং পালিয়ে আসা সিরীয়দের প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা ও প্রতিষেধক টিকা দেওয়া যায়।
মার্কিন ও ইউরোপীয়দের হত্যার আহ্বান: যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগরিকদের হত্যা করার জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে আইএস। গতকাল অনলাইনে জঙ্গি গোষ্ঠীটির বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি তাঁদের অনুসারী যোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘সম্ভব হলে মার্কিন ও ইউরোপের ‘অবিশ্বাসী’ নাগরিকদের হত্যা করুন। ইউরোপের, বিশেষ করে ফরাসি কিংবা অস্ট্রেলীয় বা কানাডীয়দের বাগে পেলেই হত্যা করতে পিছপা হবেন না।’