সীমান্তে ৩০ হাজার সিরীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের মধ্যে সারা গায়ে কাদা মাটি নিয়ে বাবা মায়ের সঙ্গে তুরস্কের সীমান্তে অপেক্ষমাণ সিরীয় শিশুরা l রয়টার্স
শীতের মধ্যে সারা গায়ে কাদা মাটি নিয়ে বাবা মায়ের সঙ্গে তুরস্কের সীমান্তে অপেক্ষমাণ সিরীয় শিশুরা l রয়টার্স

রুশ বিমান হামলার কারণে সিরিয়ার আলেপ্পো থেকে সীমান্ত এলাকায় জড়ো হওয়া শরণার্থীদের নিজ ভূখণ্ডে ঢুকতে দিচ্ছে না তুরস্ক। তবে দেশটির কিলিস এলাকার সীমানাপ্রাচীরের ওপারে জড়ো হওয়া শরণার্থীদের অস্থায়ীভাবে থাকার জন্য সেখানে ত্রাণকর্মীরা তাঁবু খাটিয়ে দিচ্ছেন। এ ছাড়া তাঁরা সেখানে ত্রাণ বিতরণ করছেন। সেখানে প্রায় ৩০ হাজার শরণার্থী অবস্থান করছে। খবর বিবিসির।
এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি প্রাণভয়ে ভিটেমাটি ছেড়ে আসা এসব সিরীয়কে ঢুকতে দেওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে তুরস্ক বলেছে তারা ইতিমধ্যেই ২৫ লাখের বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এর বেশি গ্রহণ করার ক্ষমতা না থাকলেও ‘যদি প্রয়োজন হয়’ তাহলে আরও শরণার্থী নেওয়া হবে।
শরণার্থীদের বিষয়ে আলাপ করতে গতকাল সোমবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তুরস্কের রাজধানী আঙ্কারা সফরে যান। সেখানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর আলাপ হয়। তুরস্ক থেকে যাতে আর নতুন শরণার্থী ইউরোপে না যায়, তা নিশ্চিত করতেই আঙ্গেলা এই সফর করছেন বলে গণমাধ্যমে বলা হচ্ছে।
এদিকে, সিরিয়ার আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী অভিযান আরও জোরদার করেছে। রাশিয়ার বিমান বিদ্রোহীদের ওপর লাগাতার হামলা চালাচ্ছে।
শনিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন, সিরিয়া সরকারের অনুমতি ছাড়া তাঁর দেশে সৌদি আরব কিংবা অন্য যেকোনো দেশের সেনা পা রাখলে তাঁদের ‘কফিনে চড়ে’ দেশে ফিরতে হবে। সৌদি আরব সিরিয়ায় সেনা
পাঠাতে প্রস্তুত আছে বলে ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে মুয়াল্লিম এই হুঁশিয়ারি দেন।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পোতে সরকারি বাহিনী যে অভিযান চালাচ্ছে, সেটা বিদ্রোহীদের চরমভাবে পরাজিত করবে এবং এর মাধ্যমে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন মুয়াল্লিম। মুয়াল্লিম বলেন, আলেপ্পোর বিরাট একটা অংশ সরকার পুনর্দখল করে ফেলেছে। এটা সরকারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মুয়াল্লিম বিদ্রোহী যোদ্ধাদের ‘শুভ বোধে’ ফিরে এসে অস্ত্র সমর্পণ করতে বলেন। সৌদি আরব যদি সেনা পাঠায়, তাহলে সরকারের ভূমিকা কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৌদি আরব বা অন্য যেকোনো দেশ যদি সিরিয়ার অনুমতি ছাড়া সেনা পাঠায়, সেটাকে আগ্রাসন বলে ধরে নেওয়া হবে। দুঃখের সঙ্গেই বলছি, প্রত্যেক সেনাকে কাঠের কফিনে দেশে ফিরতে হবে।’