সীমান্তের ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারের দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবান নেতাদের আলোচনা।
এএফপির ফাইল ছবি

আফগানিস্তানের সরকারি সেনাদের হটিয়ে ৯০ শতাংশ সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। গত বৃহস্পতিবার এ দাবি করেছে তারা। তবে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে বলেছে, দেশের সীমান্ত এখনো সরকারি বাহিনীগুলোর হাতে। খবর এএফপি, রয়টার্স ও সিএনএনের।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র ফাওয়াদ আমান এএফপিকে বলেন, তালেবানের ওই দাবি ভিত্তিহীন। সরকারের তরফে এমন বক্তব্য দেওয়া হলেও বার্তা সংস্থাটি বলেছে, তালেবানের দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তার সব সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার পর থেকে তালেবান সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি দেশটির প্রায় ৮৫ শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে সংগঠনটি। তবে পর্যবেক্ষকেরা বলেন, দেশটির ৪০০ জেলার অর্ধেক তাদের দখলে। এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং। কয়েকটি প্রাদেশিক রাজধানীও ঘিরে রেখেছে তারা।

সম্প্রতি তালেবান ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা দখলে নেওয়ার দাবি করে। এরপর বৃহস্পতিবার আফগানিস্তানের ৯০ ভাগ সীমান্তেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করল তারা।

শুক্রবার উপমুখপাত্র আমান জোর দাবি করেন, দেশের সীমান্ত এলাকাগুলো এবং প্রধান প্রধান সব শহর ও মহাসড়ক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আর ঈদুল আজহার ছুটিতে আফগান বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই কমে আসার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী শহর স্পিন বোলডাক দখল করার সময় তালেবান প্রায় ১০০ বেসামরিক লোককে হত্যা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্ট্যানেকজাই টুইটারে বলেছেন, শিগগিরই তালেবানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে আফগান বাহিনী।

তালেবানের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে হত্যার ওই অভিযোগ সম্পর্কে সংগঠনটির কোনো বক্তব্য জানা যায়নি।

আফগান দোভাষীকে হত্যা
আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষে দোভাষীর কাজ করা সোহেল পারদিস (৩২) নামের একজন আফগান নাগরিকের শিরশ্ছেদ করেছেন তালেবান যোদ্ধারা। গত ১২ মে রাজধানী কাবুল থেকে গাড়ি চালিয়ে খোস্ত প্রদেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মার্কিন বাহিনী দেশটি ছেড়ে চলে যাওয়ার পর দোভাষীর কাজ করা অন্য আফগানরাও তালেবানের প্রতিশোধমূলক হামলার শিকার হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়েছে।

তালেবান আফগান দোভাষীদের মার্কিন গুপ্তচর হিসেবে দেখে থাকে। তালেবানের কথায়, তারা ‘আমেরিকানদের চোখ’ ও ‘অবিশ্বাসী’। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোহেল গাড়ি চালিয়ে যাওয়ার সময় পথে তালেবানের তল্লাশিচৌকির কাছে গিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেন। এ সময় তালেবান যোদ্ধারা গুলি করে গাড়িটি থামায়। পরে গাড়ি থেকে টেনে নামিয়ে তাঁর শিরশ্ছেদ করে।

মার্কিন প্রতিনিধি পরিষদে পরিকল্পনা অনুমোদন
আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তা করা আফগান নাগরিক ও তালেবানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় থাকা ব্যক্তিদের জন্য অতিরিক্ত ৮ হাজার বিশেষ ইমিগ্রেশন ভিসা বরাদ্দের অনুমতিসংক্রান্ত এক পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদ এই অনুমোদন দেয়। ৪০৭-১৬ ভোটে পাস হওয়া এ বিল এখন সিনেটে পাঠানো হবে।