সু চি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। দেশটির ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধান ও পার্লামেন্টের স্পিকার শয়ে মানকে সরিয়ে দেওয়ার পর শঙ্কার কথা জানান সু চি।
এএফপির খবরে জানানো হয়, আগামী ৮ নভেম্বর মিয়ানমারে নির্বাচন হওয়ার কথা। এর আগে দেশটির রাজধানী নেপিডোতে পার্লামেন্টের শেষ বৈঠক হবে। গত সপ্তাহে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান শয়ে মানকে পার্লামেন্টের স্পিকার পদ থেকে নাটকীয়ভাবে সরিয়ে দেওয়া হয়। সু চির আশঙ্কা, এভাবে সরকার দেশের গণতান্ত্রিক সংস্কারের পথে বাধা তৈরি করছে। আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ছে।
সু চি বলেন, মিয়ানমারের জনগণ উদ্বিগ্ন ও চিন্তিত।
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন যেভাবে স্পিকারকে সরিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর সমালোচনা করেছে।
মিয়ানমারের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের ফল যাই হোক না কেন, তারা তা মেনে নেবে।
কয়েক মাস ধরে মিয়ানমারের থেইন সেইন ও শয়ে মানের মধ্যে বিরোধ নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এই দুজনই সাবেক জেনারেল। দেশটিতে ২০১০ সালের নির্বাচনের মাধ্যমে দৃশ্যত একটি বেসামরিক সরকার দায়িত্ব নেওয়ার পর যে সংস্কার কর্মসূচি শুরু হয়, এর গুরুদায়িত্ব পড়ে তাঁদের ওপর।