সু চিকে দ্রুত মুক্তি দিন: গুতেরেস
এখনই মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিনতকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের জান্তা সরকারের প্রতি এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। হাজারখানেক বন্দীকে মুক্তি দেওয়ার এক দিন পরই গুতেরেসের পক্ষ থেকে এমন আহ্বান করা হলো।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এর পরপরই আটক হন সু চি (৭৬)। তাঁকে কোথায় রাখা হয়েছে, সেটা স্পষ্ট নয়। জান্তা সরকার অজ্ঞাত স্থান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সু চিকে আদালতের কার্যক্রমে যুক্ত করে। তবে সাধারণের সঙ্গে আলাপ কিংবা নিজের অবস্থা সম্পর্কে জানানোর সুযোগ নেই তাতে।
মিয়ানমারে গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পায়। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা অভিমত দেয়। তবে এই নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ আনে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযোগ নাকচ করে তৎকালীন নির্বাচন কমিশন।
গুতেরেসের এক মুখপাত্র এরি কানেকো বলেন, ‘আমরা আবারও সু চি, উইন মিনতসহ মিয়ানমারের জান্তা সরকারের হাতে নির্বিচার আটক হওয়া সব বন্দীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
গত বুধবার মিয়ানমারে আটক দুই হাজারের বেশি বন্দীকে মুক্তি দিয়েছে সামরিক সরকার।
এরি কানেকো আরও বলেন, ‘মিয়ানমারে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জনসাধারণের নির্বিচার গ্রেপ্তার হওয়ার ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন।’
জান্তা সরকার ক্ষমতায় আসার পর মিয়ানমারজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অনেক বেসামরিক নাগরিকের প্রাণ যায়। কারাবরণ করতে হয়ে অনেককে।
এদিকে ব্রাসেলস-ভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বলছে, মিয়ানমারের এমন সব জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে, যেসব জায়গায় গত এক দশকে কোনো সহিংসতা হয়নি। জাতিসংঘের গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত মিয়ানমারের প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।