সু চিকে 'রাষ্ট্রীয় উপদেষ্টা' করতে পার্লামেন্টে বিল

মিয়ানমারে সদ্য ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অং সান সু চির জন্য ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’র মতো নতুন পদ সৃষ্টি করতে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বিল তুলেছে। গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী এনএলডি মনোনীত প্রেসিডেন্ট থিন কিউ এবং মন্ত্রিসভার সদস্যরা গত বুধবার শপথ গ্রহণ করেন। এর ফলে সেনাশাসিত দেশটিতে পাঁচ দশকের বেশি সময় পর বেসামরিক সরকার ক্ষমতায় বসে।
সাংবিধানিক বিধিনিষেধের জন্য অং সান সু চি প্রেসিডেন্ট হতে পারেননি। তবে গতকাল সু চির জন্য নতুন পদের প্রস্তাব তুলে এনএলডির এমপি খিন মং মিন্ট বলেন, এর ফলে সু চি হবেন প্রেসিডেন্টেরও ‘বস’। সু চি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তবে নতুন এই পদের ফলে রাষ্ট্র পরিচালনায় তিনি শক্তিশালী একটি অবস্থানে থাকবেন বলে মনে করা হচ্ছে।
সু চির নাম উল্লেখ করেই গতকাল বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়। এই বিলটি উত্থাপনের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি প্রথম কোনো আইনি সংস্কারের কাজে হাত দিল।