
মিয়ানমারে ৮ নভেম্বরের নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বেশির ভাগ আসন পাবে। এ নির্বাচনে মতামত জরিপের কোনো ব্যবস্থা না থাকলেও নির্বাচনী প্রচারের ধরন দেখে বিশ্লেষকেরা মনে করছেন, দেশটির গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির এনএলডিই নির্বাচনে জিতবে। খবর এবিসি অনলাইনের।
নির্বাচনের আগে প্রচারাভিযানে সু চি সারা দেশ চষে বেড়াচ্ছেন। অন্যান্য দলের চেয়ে এনএলডি প্রচারে অনেক এগিয়ে। প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রচারের সঙ্গে যদি তুলনা করা যায়, তবে এনএলডিকে এগিয়ে রাখতেই হয়। মিয়ানমারে নিযুক্ত সাবেক অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ট্রেভর উইলসন বলছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সু চির ব্যক্তিত্ব অসাধারণ। দেশজুড়ে তাঁর দলেরই প্রচার চোখে পড়ে। তবে সেই প্রচারকেই জয়ের একমাত্র বিচার্য, তা বলা যাবে না। তবে এটাও ঠিক, সু চি ব্যাপক জনপ্রিয়।
উইলসন মনে করেন, আগামী নির্বাচনে জাতিগোষ্ঠীভিত্তিক দলগুলোর একটা প্রভাব থাকবে।
এবারের নির্বাচনে ৯৩টি রাজনৈতিক দলের ৬ হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন কোটি ভোটার নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ক্ষমতাসীন সেনা-সমর্থিত দল ইউএসডিপিও নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। সামাজিক যোগাযোগের মাধ্যমে দলটি দাবি করেছে, তারা ৭৫ শতাংশ আসন পাবে।
তবে উইলসন বলেন, ‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের মনে রাখতে হবে যে এই ভোট প্রয়োগ স্বেচ্ছাধীন। ভোট দেওয়ার জন্য কাউকে জোর দেওয়া যাবে না।’
তবে এরই মধ্যে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার এনএলডির এক এমপিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেন, ‘আমি কিছু ভীতিকর প্রবণতা লক্ষ করছি। মিয়ানমারের গণতান্ত্রিক ব্যবস্থাকে এসব বিষয় আরও সংকুচিত করে তুলতে পারে।’
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির মিয়ানমার গবেষণা কেন্দ্রের পরিচালক নিকোলাস ফেরিলি মনে করেন, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দল এনএলডি ও ইউএসডিপি দুই ধারায় প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘এনএলডি ব্যক্তি নয়, দলের জন্য ভোট চাইছে। আর ইউএসডিপি দলীয় প্রার্থীকেই প্রাধান্য দিচ্ছে। তাদের প্রচারাভিযানে কোনো আকর্ষণ নেই।’
নির্বাচনে সু চির দল পরিবর্তনের পক্ষে কথা বলছে। এই পরিবর্তনের আওয়াজ দেশটির তরুণ ভোটারদের আকর্ষণ করতে পেরেছে বলে মনে করেন কেউ কেউ। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক জ্যাকুলিন মিনাগার বলেন, নির্বাচন নিয়ে তরুণদের মিশ্র ধারণা আছে। তবে তারা গণতন্ত্রের পক্ষে। এরা বহির্বিশ্বের গণতান্ত্রিক আবহকে পছন্দ করে।
তবে তরুণেরা যে ব্যাপকভাবে এনএলডির পক্ষে যাবে, এমনটা মনে করেন না সাবেক রাষ্ট্রদূত ট্রেভর উইলসন। তিনি বলেন, কেবল একটি দল বা গোষ্ঠীর পক্ষে তরুণেরা থাকবে তা হয়তো ঠিক না। তবে সংস্কারের পক্ষে সমন্বিত ইচ্ছা নির্বাচনে বিজয়ী হতে সহায়তা করবে।
উইলসনের মতে, মিয়ানমারের সাধারণ মানুষদের একটি ধারণা একেবারে মজ্জাগত। সেটি হলো, ক্ষমতাসীন দলের সঙ্গে সেনাবাহিনীর নিবিড় যোগাযোগ একটি সমস্যা। মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় সেনাবাহিনী এখনো পার পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এসব নিয়ে উদ্বিগ্ন।
উইলসন মনে করেন, যে দলই ক্ষমতায় আসুক নির্বাচনের পরে এসব বিষয়ে কীভাবে সমাধান হবে সেটিই গুরুত্বপূর্ণ।