সু চির কাছে রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে রাইটস অব রিফুজি অ্যান্ড স্টেটলেস পারসনদের জোট (সিআরএসপি)। বর্তমানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা অং সান সু চি থাইল্যান্ড সফর করছেন। সেখানে গতকাল বৃহস্পতিবার তাঁর প্রতি এ আহ্বান জানানো হয়।

ব্যাংককে থাই ফরেন করেসপনডেন্টস ক্লাবে সু চির উদ্দেশে এক বিবৃতি পড়ে শোনান সিআরএসপির সদস্যরা। সেখানে পুলিশি কড়াকড়ির কারণে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল না।

বিবৃতিতে দেশটির ১৯৮২ সালের নাগরিক আইন রদ করার দাবি জানানো হয়। এই আইনের মাধ্যমে সংখ্যালঘু মুসলিম যারা রোহিঙ্গা নামে পরিচিত, তারা নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর আওতায় অন্তর্ভুক্ত হতে পারে না।

ক্লাবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়া ফোরটিফাই রাইটস নামের একটি অলাভজনক সংস্থার মুখপাত্র পুতানি কাংকুন অংশ নেন। তিনি বলেন, ‘আমার এখানে আসা প্রায় বাতিলই হয়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের বাধা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা সম্মেলনে আসতে পেরেছি। যদিও সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেওয়া হয়নি।’

তিন দিনের সফরে গতকাল থাইল্যান্ডে পৌঁছান সু চি। আজ দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার সঙ্গে তাঁর দেখা করার কথা। আলোচনায় মিয়ানমারের অভিবাসী ও শরণার্থীদের বিষয়টি আসার কথা। তবে আলোচনায় থাইল্যান্ডে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি আসবে বলে মনে করা হচ্ছে না।

বৈষম্য থেকে বাঁচতে ও উন্নত সুযোগ-সুবিধার জন্য অনেক রোহিঙ্গা মানব পাচারকারীর মাধ্যমে বিপজ্জনক সমুদ্রযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেয়।