সু চির ঘনিষ্ঠ ম উইন উচ্চকক্ষের চেয়ারম্যান হলেন

মিয়ানমারের পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ম উইন খাইং থেন। ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চির একজন ঘনিষ্ঠ সহযোগী তিনি। খবর ব্লুমবার্গ ডটকমের।
গতকাল বুধবার মিয়ানমারের নতুন পার্লামেন্টের উচ্চকক্ষের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনেই ম উইনকে (৬৩) ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেন এমপিরা। উচ্চকক্ষের চেয়ারম্যান নির্বাচিত করার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পথেও অনেকটা এগিয়ে গেল পার্লামেন্ট।
গত নভেম্বরের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী এনএলডি পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ। উচ্চকক্ষের চেয়ারম্যান পদে মানকে বাছাইও করেছে তারাই। জাতিগত সংখ্যালঘু কারেন গোষ্ঠীর একজন সদস্য তিনি। ১৯৪৭ সালে সু চির বাবার পাশাপাশি নিহত তাঁর মন্ত্রিসভার এক সদস্যের তিনি নাতি।
এদিকে উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যানও নির্বাচিত করা হয়েছে এ অধিবেশনেই। এ পদে নির্বাচিত হন জাতিগত রাখাইন গোষ্ঠীর সদস্য আয়ে থার অং। তিনি আরাকান ন্যাশনাল পার্টির একজন নেতা। এর আগে গত সোমবার নিম্নকক্ষের অধিবেশন শুরুর দিন এ কক্ষের চেয়ারম্যান নির্বাচিত করা হয় সু চির দলের জ্যেষ্ঠ সদস্য উইন মিন্টকে।