সু চির চূড়ান্ত বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৭৭ শতাংশ আসনে জয়ী হয়েছে। আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করে। দ্য গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের ৮ তারিখ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু দুর্গম এলাকা থেকে নির্বাচনেরে ফল আসতে কয়েক দিন সময় নেয়।

কিছু কিছু নির্বাচনী এলাকা যা মূলত পাহাড়ঘেরা সেসব জায়গায় যানবাহনের কোনো ব্যবস্থা নেই। সেসব এলাকার নির্বাচন কর্মকর্তাদের ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে হেঁটে আসতে হয়। পরে তাঁরা এসব বাক্স হেলিকপ্টারে করে রাজধানী নেপিডোতে পাঠান।

এনএলডি ৮৮৭টি আসনে জয়ী হয়েছে। যার অর্থ সুচির দল পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে নিরঙ্কুশ জয় পেয়েছে। আর সেনানিয়ন্ত্রিত ইউনাইটেড সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জয় পেয়েছে ১১৭টি আসনে।

নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করলেও মিয়ানমারের প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দেশটির সংবিধানের ৬৯ ধারায় আছে, কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা তাঁর সন্তান অন্য কোনো দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

বর্তমান সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। নিম্নকক্ষের একজন, উচ্চকক্ষের একজন এবং সেনাবাহিনীর মনোনীত একজন প্রতিনিধির মধ্য থেকে পার্লামেন্ট একজনকে প্রেসিডেন্ট এবং বাকি দুজনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।

সেনাবাহিনীর সম্মতি ছাড়া সংবিধান সংশোধন করে সু চির জন্য নতুন কোনো পদও সৃষ্টি করা যাবে না। তবে সু চি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে অনায়াসে সংসদের নেতার পদ অলংকৃত করতে পারবেন।

ইতিমধ্যে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। এখন ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ভাবনা কেন্দ্রীভূত।