সু চির নির্বাচনে অংশ নেওয়ার বাধা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমার সরকার সংবিধান পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিল প্রকাশ করেছে। এতে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভেটো দেওয়ার ক্ষমতা বাতিল করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির অংশগ্রহণে বর্তমান বাধা বহাল রাখা হয়েছে। খবর এএফপির।
সু চির চীন সফরের মধ্যে এ খসড়া বিল প্রকাশ করা হলো। মিয়ানমারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় সাফল্যের আশা করছে। কিন্তু সাংবিধানিক বাধার কারণে তিনি নিজে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। মিয়ানমারের আইন অনুযায়ী, স্বামী বা সন্তান বিদেশি নাগরিক হলে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। সু চির দুই ছেলে ব্রিটিশ নাগরিক। প্রয়াত স্বামীও ছিলেন ব্রিটিশ।
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: এদিকে প্রথম চীন সফরে যাওয়া সু চি গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বেইজিংয়ের গ্রেট হলে জিনপিং-সু চি বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। তবে তাঁদের আলোচনার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, শি জিনপিং ওই বৈঠকে সু চিকে বলেছেন, চীন ও মিয়ানমার ঘনিষ্ঠ প্রতিবেশী।