সু চির প্রার্থীদের নিয়ে প্রশ্ন তুলল সেনাবাহিনী
মিয়ানমারের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে অং সান সু চি মনোনীত প্রার্থীদের নিয়ে গতকাল সোমবার আপত্তি তুলেছে প্রভাবশালী সেনাবাহিনী। দেশটির শীর্ষ পদ কে অলংকৃত করবেন, সেটা নির্ধারণে পার্লামেন্টে ভোটের এক দিন আগে এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সু চির দলের উত্তেজনা আরও বাড়ল।
গত নভেম্বরে বিপুল ভোটে বিজয় লাভের প্রায় চার মাস পর গত সপ্তাহে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষ থেকে নোবেলজয়ী এই নেত্রীর ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত থিন কিউকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয় হেনরি ভ্যান থিওকে।
অন্যদিকে পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসনে প্রতিনিধিত্বকারী সেনাবাহিনী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে তৃতীয় একজন প্রার্থীকে। গতকাল দেশটির পার্লামেন্টারি কমিশনের সেনাসদস্য থান সোয়ে সু চির প্রেসিডেন্ট প্রার্থী থিন কিউয়ের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, থিন কিউ নির্বাচিত আইনপ্রণেতা নন। যদিও সংবিধানে এই পদের প্রার্থীর নির্বাচিত এমপি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
ভাইস প্রেসিডেন্ট পদে হেনরি ভ্যান থিওর প্রার্থিতার ব্যাপারেও প্রশ্ন তোলেন থান সোয়ে। তাঁর মতে, হেনরির বিদেশে অবস্থান করাটা তাঁর জন্য অযোগ্যতা হতে পারে।