
এক সপ্তাহ এগিয়ে এনে ১০ মার্চ মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। দেশটির পার্লামেন্টে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচনের আগাম তারিখ নির্ধারণে এটি স্পষ্ট যে, শীর্ষ সেনা কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচনে বিপুলভাবে জয়ী অং সান সু চির আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। এ কারণে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী সু চির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও অনেকটা কম। খবর এএফপির।
১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। তবে গতকাল পার্লামেন্টের দুই কক্ষের স্পিকার উইন খাইং থান সদস্যদের উদ্দেশে বলেন, ‘আগামী ১০ মার্চ আমরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে চাই। এর আগে যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তার থেকে এক সপ্তাহ আগেই এটি করা হবে।’
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকে পরিণত সু চি প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক বাধা দূর করতে সেনাপ্রধানের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারের ক্ষমতা কুক্ষিগত করে রাখা সেনাবাহিনীর তৈরি করা সংবিধান অনুযায়ী তাঁর পক্ষে প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। এর ৫৯ (এফ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নাগরিকের সন্তান বিদেশি নাগরিক হলে তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির দুই সন্তান এবং তাঁর প্রয়াত স্বামী ব্রিটিশ নাগরিক। এনএলডি নেত্রী যাতে প্রেসিডেন্ট না হতে পারেন সে জন্যই এ ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে বলে অনেকেই মনে করেন।
গত নভেম্বরের নির্বাচনে সু চির দল এনএলডি ৮০ শতাংশ আসন পায়। পার্লামেন্টের দুটি কক্ষেই এখন দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
গতকাল মিয়ানমার টাইমস-এপ্রকাশিত খবরে বলা হয়, সামরিক নেতৃত্বের সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করে একটি সমাধানে পৌঁছতেই ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঠিক করা হয়েছিল। তবে গত কয়েক সপ্তাহের আলোচনার গতিপ্রকৃতিতে এটি স্পষ্ট হয়ে গেছে, সামরিক বাহিনী সংবিধান সংশোধন করতে রাজি নয়। গত ১৭ ফেব্রুয়ারি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মিং অং লাইংয়ের সঙ্গে সু চির শেষ দফা আলোচনাটি বেশ উত্তপ্ত হয়।
গত সোমবার এনএলডির এক নেতা বলেন, ‘৫৯ (এফ) অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সমঝোতার জন্য আমরা বেশ কিছুটা সময় নিয়েছিলাম। কিন্তু এটা এখন নিশ্চিত, এটি হচ্ছে না। তাই আমরা আমাদের পরিকল্পনা বাতিল করেছি। আমরা নেত্রী অং সান সু চির পরিবর্তে অন্য কাউকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার পরিকল্পনায় ফিরে যাচ্ছি।’
প্রেসিডেন্ট না হয়ে সু চি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। এর ফলে তিনি জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সদস্য হতে পারবেন।
মিয়ানমারের প্রবাসী মানবাধিকার ও গণতন্ত্রকামী আন্দোলনকর্মীদের প্রকাশিত ইংরেজি দৈনিক ইরাবতীর খবরে বলা হয়েছে, এনএলডি বুঝতে পেরেছে যে, নাছোড় সেনাবাহিনী সংবিধান আর পরিবর্তন করবে না। তাই নির্বাচনের তারিখ এগিয়ে এনে তারা দ্রুত সরকার গঠন করতে চায়। মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষক ইয়ান মিও থেইন বলেন, ‘সংবিধান সংশোধন এখন অসম্ভব। তাই এনএলডি চায় যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট পদে দলীয় কাউকে মনোনয়ন দিতে। যাতে করে তারা দ্রুত মন্ত্রিসভা গঠন করতে পারে।’
৯ মার্চ এনএলডি প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী ঘোষণা করবে বলে মিয়ানমারের কয়েকটি পত্রিকার খবরে বলা হয়েছে।