সু চির সামনে কঠিন পথ
মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে নজিরবিহীন জনরায় পেয়েছে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। গতকাল সোমবার থেকে শুরু হওয়া নতুন পার্লামেন্টে তারাই সংখ্যাগরিষ্ঠ। তবে শান্তিতে নোবেলজয়ী সু চি ও তাঁর দলের কয়েক শ এমপির সামনে অপেক্ষা করছে বড় বড় কিছু চ্যালেঞ্জ।
প্রেসিডেন্ট নির্বাচন: সু চির দল সরকার গঠন করতে পারবে। কিন্তু তাতে নেতৃত্ব দেবেন কে? সু চি নিজে প্রেসিডেন্ট হতে পারছেন না। সংবিধানে তাঁর জন্য সেই অনুমতি নেই। কারণ, সু চির সন্তানেরা যুক্তরাজ্যের নাগরিক। তাঁকে আটকাতেই সংবিধানে এই নিয়ম রাখা হয়েছে বলে অনেকের ধারণা।
সু চি বলেছেন, আগামী মার্চে বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের উত্তরসূরি হিসেবে যিনি দায়িত্ব নেবেন, তিনি (সু চি) থাকবেন তাঁরও ওপরে। অর্থাৎ একজন পুতুল প্রেসিডেন্ট পাবে মিয়ানমার। সু চি সেটা করলে মিয়ানমারের প্রভাবশালী সেনাবাহিনী ক্ষেপতে পারে। সাংবিধানিক নিয়মানুযায়ী এখনো পার্লামেন্টের ২৫ শতাংশ আসন তাদের দখলে। সংবিধানে যেকোনো পরিবর্তন তারা ভেটো দিয়ে আটকে দিতে পারে।
সেনাবাহিনীর প্রভাব-প্রতিপত্তি: প্রেসিডেন্ট পদ-সংক্রান্ত ইস্যুতে সু চিকে দেশের সেনাবাহিনীকে তোষামোদ করে চলতে হতে পারে। এটা সেই সেনাবাহিনী, যারা তাঁকে ১৫ বছর গৃহবন্দী করে রেখেছিল। পর্যবেক্ষকেরা বলছেন, যেকোনো কাজ করতে হলে সু চি ও সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। কারণ, সেনাবাহিনীর রাজনৈতিক ক্ষমতা কেবল পার্লামেন্টেই সীমাবদ্ধ নয়।
২০০৮ সালে প্রণীত সংবিধান মোতাবেক, দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সেনাবাহিনী-প্রধানের হাতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্তবিষয়ক মন্ত্রণালয়। এর বাইরে বিভিন্ন উপজাতিগত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহযুদ্ধেও সেনারা সক্রিয়।
অনিশ্চিত শান্তি আলোচনা: ৫০ বছর ধরে অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। প্রেসিডেন্ট থেইন সেইন কয়েকটি গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি করেছেন। কিন্তু প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে। বিশেষ করে কাচিন ও শান প্রদেশে এই লড়াই থামেনি। দেশের বড় জাতিগোষ্ঠী বামারের সদস্য সু চি। তাই ওই সশস্ত্র গোষ্ঠীগুলো তাঁকে অনেকটা সন্দেহের চোখে দেখে থাকে।
অবশ্য সু চি দেশে একটি ফেডারেল শাসনব্যবস্থা চালুর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁকে বিশেষ করে মুসলিমবিরোধী ভাবাদর্শ সামলাতে হবে। রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা ২০১২ সালে সংখ্যাগুরু বৌদ্ধদের হাতে নিপীড়নের শিকার হন। এসব মানুষকে সুরক্ষা দিতে আন্তর্জাতিক চাপ থাকবে সু চির ওপর। কিন্তু রাখাইন বৌদ্ধদেরও ক্ষেপাতে চাইবেন না সু চি।
অর্থনৈতিক উন্নয়ন: সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনের আমলে মিয়ানমারের অর্থনীতি বেশ এগিয়েছে। বিশেষ করে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিদেশি বিনিয়োগ এসেছে। কিন্তু দারিদ্র্য এখনো দেশটির বড় একটা চ্যালেঞ্জ। কৃষিনির্ভর অনেক এলাকার মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে।
ঘুষ মিয়ানমারের আরেক সমস্যার নাম। ২০১৫ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে ১৬৮টি দেশের তালিকা প্রকাশ করে, তাতে মিয়ানমারের অবস্থান ছিল ১৪৭তম।
সূত্র: এএফপি।