সু চি-থেইন সেইন 'উষ্ণ আলোচনা'

মিয়ানমারে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য নির্বাচনে বিপুলভাবে বিজয়ী অং সান সু চি ও সেনা-সমর্থিত প্রেসিডেন্ট থেইন সেইনের মধ্যে গতকাল বুধবার আলোচনা হয়েছে। এ আলোচনাকে ‘উষ্ণ ও খোলামেলা’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ইয়া হতুত। খবর বিবিসি ও মিয়ানমার টাইমসের।
সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত ৮ নভেম্বরের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনের ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই সু চি ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ও প্রভাবশালী সেনাপ্রধান মিন অং হলাইংয়ের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হন।
গতকাল সকালে রাজধানী নেপিডোতে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বৈঠক করেন অং সান সু চি। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ইয়া হতুত। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তারা নতুন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করেছেন।’ তিনি আরও বলেন, ‘১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ইতিহাস আমাদের নেই। আমরা অব্যর্থভাবে এ ঐতিহ্য প্রতিষ্ঠা করব।’
প্রেসিডেন্টের মুখপাত্র উ ইয়ে টুট বলেন, তাঁদের বৈঠকে জাতীয় আপস-মীমাংসার ওপর জোর দেওয়া হয়। তবে সাংবিধানিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।
পরে বিকেলে সু চি সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সেনাপ্রধান জেনারেল মিন অং হলাইং বলেন, আলোচনা খুব ভালো হয়েছে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর সু চিকে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছিলেন মিয়ানমারের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। আগামী জানুয়ারিতে বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে। এরপর এনএলডির প্রাধান্যপুষ্ট পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা।
সাংবিধানিক বিধিনিষেধের কারণে সু চির প্রেসিডেন্ট হওয়া অসম্ভব।