সুখমন্ত্রী!

নাগরিকদের সুখ-শান্তি নিশ্চিত করাই হবে তাঁর কাজ। সুখী দেশ হিসেবে গড়ে তোলার সরকারি এজেন্ডা বাস্তবায়নে কাজ করবেন তিনি। নাম তাঁর ওহুদ আল রুমি। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত বুধবার প্রথমবারের মতো সুখবিষয়ক একজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বুধবার টুইটারে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। সহনশীলতা বিষয়ে একজন প্রতিমন্ত্রীর পদও সৃষ্টি করা হয়েছে। এতেও একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নাম লুবনা আল-কাসিমি। আর যুব প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২২ বছর বয়সী তরুণী শাম্মা আল-মাজরুই। ইউএইর ২৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় নতুন সংযোজন আটটি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ। এর মধ্যে নারী রয়েছেন পাঁচজন।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তাঁর সরকারে বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ঘোষণা দেন। তিনি ওই নতুন প্রতিমন্ত্রীদের কাজের ধরন সম্পর্কে ইঙ্গিত দিয়ে টুইটারে লিখেছেন, সুখ প্রতিমন্ত্রী সরকারি নীতির সঙ্গে সামাজিক কল্যাণ এবং সন্তুষ্টির সামঞ্জস্য রাখবেন।