সুনামিতে ২৭ ঘণ্টা সাঁতার কেটে কূলে ফিরলেন ‘অ্যাকুয়াম্যান’
সমুদ্রে ভূকম্পন ও অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয় সুনামির। এই জলোচ্ছ্বাস ভাসিয়ে নিতে পারে চার পাশের লোকালয়, জনবসতি। আর তা কতটা ভয়ংকর হতে পারে, তা ১৫ জানুয়ারি টের পেয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার জনগণ। পানির নিচে অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ওই সুনামিতে টোঙ্গা সারা বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সেই ভয়াল জলোচ্ছ্বাস ও ঢেউয়ে ভেসে গিয়েছিলেন দেশটির ৫৭ বছর বয়সের এক ব্যক্তি। তবে প্রতিকূল পরিবেশেও টানা ২৭ ঘণ্টা মহাসাগরে সাঁতরে কূলে ফিরেছেন তিনি।
লিসালা ফোলাউ নামের ওই ব্যক্তিকে এখন বলা হচ্ছে ‘জীবন্ত অ্যাকুয়াম্যান’। তিনি দেশটির ছোট্ট দ্বীপ আতাতার বাসিন্দা। ভূকম্পন ও সুনামিতে দ্বীপটির বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফোলাউর ভাষ্য, তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। কারণ, তাঁর দুই পা–ই ঠিকমতো কাজ করে না। তিনি যখন হাঁটেন, তখন শিশুরাও তাঁর আগে চলে যায়। শারীরিক এমন প্রতিবন্ধকতার মধ্যেও ফোলাউর বেঁচে ফেরাটা বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। তাঁকে টোঙ্গাতে এখন বিভিন্ন পক্ষ থেকে রীতিমতো সংবর্ধনা দেওয়া হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম নিচ্ছে তাঁর সাক্ষাৎকার।
টোঙ্গার বার্তা সংস্থা ব্রডকম ব্রডকাস্টিংয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে ফোলাউ বলেন, ঘটনার সময় তিনি নিজের ঘরে পেইন্টিং করছিলেন। হঠাৎ সুনামির জলোচ্ছ্বাস তাঁকে মুহূর্তে গভীর সাগরে ভাসিয়ে নিয়ে যায়। একের পর এক বড় ঢেউ তাঁকে আঘাত করতে থাকে। ফোলাউ বলেন, তিনি সাঁতার কাটার জন্য ভেসে আসা একটি গাছ পেয়েছিলেন। কিন্তু পরক্ষণেই বড় একটি ঢেউ এসে সেটিও তার কাছ থেকে দূরে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে তিনি শুধু কোনো রকমে ভেসে থাকার চেষ্টা করেছেন। আর মনে মনে প্রার্থনা করছেন, যদি কোনো গাছ বা তেমন কিছু পেতেন। এতে তিনি মারা গেলেও হয়তো পরিবার লাশটি অন্তত খুঁজে পেত। অবশেষে ভেসে ভেসে গত রোববার সন্ধ্যায় তিনি দেশটির প্রধান দ্বীপ টোঙ্গাটাপুরের কূলে পৌঁছান।
টোঙ্গার রাজধানী নুকু’আলোফা থেকে আট কিলোমিটার উত্তর-পশ্চিমে আতাতা দ্বীপের অবস্থান।