সুনামির এক যুগ পরও ৪০০ মৃতের পরিচয় অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি গণকবরে প্রার্থনা। ১২ বছর আগে সুনামিতে নিহত ব্যক্তিদের স্বজনেরা এতে অংশ নেন l ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি গণকবরে প্রার্থনা। ১২ বছর আগে সুনামিতে নিহত ব্যক্তিদের স্বজনেরা এতে অংশ নেন l ছবি: এএফপি

২০০৪ সালের ২৬ ডিসেম্বর রিখটার স্কেলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরের আশপাশের দেশগুলোয় মৃত্যুদূত হয়ে আছড়ে পড়ে সুনামি। সেই ঝড়ে প্রাণ গেছে ২ লাখ ২৬ হাজার মানুষের। এরপর পেরিয়ে গেছে এক যুগ। থাইল্যান্ডের এখনো ওই ঝড়ে নিহত অন্তত চার শ মানুষের পরিচয় জানা যায়নি।
থাইল্যান্ডের পুলিশ গতকাল সোমবার তথ্যটি জানিয়েছে। ২০০৪ সালের ওই সুনামি ইতিহাসের বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। এই ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডে প্রাণ গিয়েছিল ৫ হাজার ৩৯৫ জনের, যাদের মধ্যে প্রায় ২ হাজার ছিলেন বিদেশি পর্যটক। সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শুধু থাইল্যান্ডই নেই। ইন্দোনেশিয়া, ভারত ও শ্রীলঙ্কায়ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
থাইল্যান্ডের ফাঙ এঙ্গা প্রদেশের থাখুয়ে পা জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আনন্দ বুঙ্কাকেও বলেন, ২০০৪ সালের সুনামিতে মারা যাওয়া চার থেকে পাঁচ হাজার ব্যক্তির স্বজন ও পরিবারের সঙ্গে মরদেহ নেওয়ার জন্য যোগাযোগ করতে পেরেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় চার শ লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষ সুনামিতে নিহত স্বজনদের জন্য দেশের গণকবর ও মসজিদগুলোয় গত সোমবার প্রার্থনা করেছেন। এক যুগ আগের ওই ঝড়ে দেশটিতে ১ লাখ ৭০ হাজার মানুষ মারা যায়। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুমাত্রা দ্বীপের আচেহ এলাকা।