সুরাবায়ায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ছবি: রয়টার্স
হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৫০ মিনিট) ঘটনাটি ঘটে। হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। মোটরসাইকেলে চড়ে দুজন এ হামলা চালায়। পুলিশ সূত্রের বরাতে খবর বিবিসির।

এর আগে গতকাল রোববার শহরটিতে গির্জায় বোমা হামলায় ১৩ জন নিহত ও ৪০ জন আহত হন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো হামলাগুলোকে ‘কাপুরুষোচিত, অমর্যাদকর ও নিষ্ঠুর’ বলে বর্ণনা করেন। তিনি পুলিশকে অপরাধীদের খুঁজে বের করতে ও তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে নির্দেশ দেন।

গতকাল রাতের হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (এসআই)। এক পরিবারের সদস্যরা হামলাটি চালায়। স্থানীয় পুলিশপ্রধান টিটো কার্নাভিয়ান বলেছেন, পরিবারটি আইএস-সমর্থিত নেটওয়ার্ক জেমিয়া আনশারুত দৌলার (জেএডি) সঙ্গে যুক্ত ছিল।

পুলিশ বলছে, সিরিয়া থেকে ফিরে আসা শত শত ইন্দোনেশিয়ান পরিবারের একটি এ হামলাকারী পরিবার। সিরিয়ায় সরকারের বিরুদ্ধে আইএসের লড়াই চলছে।

নিজের দুই মেয়েকে নিয়ে মা চার্চে এবং ওই পরিবারের বাবা ও দুই ছেলে সুরাবায়া শহরে পৃথক দুটি হামলা চালান।

এ বোমা হামলা বিগত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ১৩ জনের মৃত্যুর ছাড়াও এ হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারী পরিবারটির বাবার নাম দিতা ওপ্রিয়ার্তো, তিনি জেএডির স্থানীয় একটি শাখার প্রধান ছিলেন।

ওপ্রিয়ার্তো তাঁর স্ত্রী পুজি কুসওয়াতি এবং দুই মেয়েকে দিপোনেগ্রো ইন্দোনেশিয়ান ক্রিস্টিয়ান চার্চে নামিয়ে দেন। পরে সেখানে তাঁরা নিজেদের উড়িয়ে দেন। মেয়ে দুটির বয়স ছিল ৯ ও ১২। তারাও তাঁদের মায়ের মতো নিজেদের শরীরে বোমা বেঁধে নিয়েছিল।

ওপ্রিয়ার্তো এরপর নিজের বোমাভর্তি গাড়ি নিয়ে সুরাবায়া সেন্টার পেন্টাকোস্টাল চার্চে হামলা চালান।

১৬ ও ১৮ বছরের ছেলে দুটি মোটরসাইকেলে করে শান্তা মারিয়া চার্চে ঢোকে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় তারাই প্রথম হামলা চালায়। পাঁচ মিনিটের ব্যবধানে পরবর্তী হামলাগুলো হয়।

একজন নিরাপত্তারক্ষী এপিকে জানায়, নারীটির সঙ্গে দুটি ব্যাগ ছিল এবং তিনি রক্ষীদের উপেক্ষা করে জোরপূর্বক দিপনেগ্রো গির্জায় ঢোকেন। একজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানান, নারীটি আচমকা একজন দর্শনার্থীকে জড়িয়ে ধরেন এবং তখনই বোমাটি বিস্ফোরিত হয়।

সুরাবায়ার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পরে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এএফপি জানায়, ওই হামলায় তিনজন মারা যায়। পূর্ব জাভা পুলিশের প্রধান মাহফুদ আরিফিন জানান, অ্যাপার্টমেন্টে মারা যাওয়া তিনজন সাধারণ জনগণ নয়, তারা দুষ্কৃতী। অবশ্য এ হামলা আগের হামলাগুলোর সঙ্গে সম্পর্কিত কি না, সেটা জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল পূর্ব জাভা প্রদেশের চিনাজুর এলাকায় তারা চারজন সন্দেহভাজন জেএডি সদস্যকে হত্যা করে এবং দুজনকে গ্রেপ্তার করে।

এটি ইন্দোনেশিয়ায় আইএসের সবচেয়ে বড় হামলা। ২০১৬ সালে দেশটিতে প্রথম হামলা চালায় আইএস। রাজধানী জাকার্তায় বোমা হামলা এবং গুলিতে চারজন সাধারণ নাগরিক মারা যায় সে সময়।

আইএস অবশ্য আরও কিছু হামলার দায় স্বীকার করেছে। সেগুলোর অন্যতম হচ্ছে জাকার্তার অদূরে উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে হামলা। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হন।

তবে দেশটিতে জঙ্গি হামলার ইতিহাস আরও পুরোনো।

২০০২ সালে আল-কায়েদা জঙ্গিদের বোমা হামলায় বালি দ্বীপে ২০০ মানুষ মারা যায়।

২০০৫ সালের মে মাসে সুলাওয়েসি দ্বীপে বোমা হামলায় ২২ জন মারা যায়। এর ছয় মাসেরও কম সময়ের মধ্যে বালি দ্বীপে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন মারা যায়।

জাকার্তার বিবিসির প্রধান রেবেকা হেনসচেকে বলেন, শুরু থেকেই জাকার্তা তার জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের জন্য ব্যাপক প্রশংসিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি আইএস আসার পর দেশটিতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।