মিয়ানমারে নির্বাচিত দলের হাতে শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা হবে কি না, তা নিয়ে দেশটির জনগণের মধ্যে যখন উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে, ঠিক তখনই আশার বাণী শুনিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। প্রেসিডেন্ট থেইন সেইন ও সেনাপ্রধান মিন অং হ্লাইং গতকাল বৃহস্পতিবার নতুন সরকারের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
এর আগে ভোটের ফলে এগিয়ে থাকার জন্য বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে সেনাপ্রধান ছাড়াও সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন অভিনন্দন জানান।
ভোট গ্রহণের তিন দিন পার হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪৭ শতাংশ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলের মধ্যে ৮০ শতাংশ আসনেই বিজয়ী হয়েছে সু চির দল এনএলডি। সংখ্যাগরিষ্ঠতা পেতে এনএলডির আর মাত্র ৩৮টি আসন দরকার। এই দলটিই যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, সে বিষয়ে সব পক্ষই প্রায় নিশ্চিত।
ফল প্রকাশে ইচ্ছা করে দেরি করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করলেও গতকাল প্রেসিডেন্ট থেইন সেইনের একজন মুখপাত্র তা নাকচ করে দেন। ইয়ে টুট নামের ওই মুখপাত্র বিরাট সাফল্যের জন্য সু চিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে টুট গতকাল বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট থেইন সেইন প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর সরকার জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে এবং নির্ধারিত প্রক্রিয়াতেই ক্ষমতা হস্তান্তর করবে।
আর সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, নির্বাচন-পরবর্তী নতুন সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।