সূর্যের তাপে গাড়ির বনেট হলো কড়াই, ভাজা হলো মাছ!

রোদ চড়া ছিল বেশ। মাথার ওপর ছাতা ধরা ছাড়া উপায় নেই। রোদের তাপ এতটাই বেশি ছিল যে, এক নারী গাড়ির বনেটকেই যেন বানিয়ে ফেললেন কড়াই। শুধু শুধু গ্যাস বা বিদ্যুৎ খরচ না করে সূর্যের তাপে তিনি ভেজে ফেলেন কয়েকটি মাছ। ছবিতে দেখলেই বুঝবেন, ভাজাটা বেশ কড়কড়েই হয়েছে!
এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের বিনঝৌ শহরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এর কিছু ছবি প্রকাশ করেছে চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি। তাতে দেখা গেছে, একটি গাঢ় রঙের গাড়ির বনেটে রাখা আছে কিছু মাছ। এক নারী মাথায় ছাতা দিয়ে সেই মাছ নেড়েচেড়ে দিচ্ছেন। আরেক ছবিতে সেই মাছের ভাজা হওয়া অংশও দেখানো হয়। শুধু মাছ নয়, এর সঙ্গে কিছু তরিতরকারিও সূর্যের তাপে সেঁকে নেন ওই নারী।
পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, ঘটনার দিন শানদং প্রদেশে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গাড়ির বনেটে ছিল কমপক্ষে পাঁচটি মাছ। সূর্যের তাপে মাছের কিছু অংশ কড়কড়ে ভাজাও হয়। ছবিতে দেখেই বোঝা গেছে তা।

তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছর ভারতের ওডিশায় এক ব্যক্তি রাস্তার কালো পিচের ওপর ডিম ভেজেছিলেন। সেই ঘটনার ভিডিওচিত্র ওই সময় ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ওডিশায় বছরের কিছু সময় সূর্যের প্রচণ্ড তেজ থাকে। এই রাজ্যের কোনো কোনো এলাকায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া ২০১৬ সালের এপ্রিলে ভারতের তেলেঙ্গানার করিমনগরেও সূর্যের তাপে মাটিতে ডিম ভাজার ঘটনা ভিডিও করা হয়েছিল। গত জুলাইয়ে দুবাইয়ে এক ব্যক্তি ফ্রাইপ্যানে কাঁচা ডিম নিয়ে উন্মুক্ত স্থানে রেখে দিয়েছিলেন ১০ মিনিট। ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই ডিম ভাজা হয়েছিল বেশ।