সেই আফগান শিশুর নাম রাখা হলো ‘রিচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বিমানঘাঁটিতে সন্তানের জন্ম দেন আফগান এক মা
ছবি: টুইটার

আফগানকন্যা হয়েও শিশুটি দেখেনি আফগানিস্তানের আকাশ। তালেবানের শাসন থেকে মুক্তি পেতে যাঁরা দেশ ছেড়ে পালাচ্ছেন, তাঁদের তালিকায় ছিলেন শিশুটির মা। মার্কিন সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে দেশ ছেড়ে পালাচ্ছিলেন তিনি। ওই উড়োজাহাজেই ওঠে প্রসববেদনা। উড়োজাহাজটি জার্মানির বিমানঘাঁটিতে অবতরণের পর জন্ম হয় শিশুটির। আফগানিস্তানের বাইরে জন্ম নেওয়া কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ’। উড়োজাহাজটির কোড নম্বরের আদলেই রাখা হয় শিশুটির নাম।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল টড ওলটার্স বলেন, বিমানটির কোড নম্বর ছিল রিচ ৮২৮। এই কোড নম্বর ধরেই শিশুটির নাম রাখার সিদ্ধান্ত নেন তার মা-বাবা।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রতিটি উড়োজাহাজের একটি কোড নাম থাকে। নিয়ন্ত্রণকক্ষ এবং অন্যান্য উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের জন্য ওই কোড নাম ব্যবহার করা হয়। সি-১৭ কার্গো বিমানটির কোড নম্বর ছিল ‘রিচ’।

রিচ এখন সুস্থ আছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মা–বাবার সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে নেওয়া হয়েছে বলে জানান ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান টড ওলটার্স।

১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ২০ আগস্ট থেকে রাজধানী কাবুল থেকে ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোয় নেওয়া হয়েছে ৭ হাজার মানুষকে। তাদের মধ্যে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে ১০০ জনের। এই ১০০ জনের মধ্যে ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের ১২ জন সুস্থ হয়ে ওঠায় এরই মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ ছাড়া জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে নামার পর আরও দুই শিশুর জন্ম হয় বলে জানান টড ওলটার্স।