সেই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার

উড়োজাহাজের উদ্ধার করা ধ্বংসাবশেষ।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে সাগর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ আজ রোববার উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ৬২ জন আরোহী ছিল।

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর থেকে উড়ানের চার মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে।
ছবি: এএফপি

এএফপির খবরে জানা যায়, উড়োজাহাজ বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরিদের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৬২ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন শিশু ছিল। তারা সবাই ইন্দোনেশীয়।

সাগরে তল্লাশি চালাচ্ছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ডুবুরিরা।
ছবি: এএফপি

পনতিয়ানা বিমানবন্দরে উড়োজাহাজের আরোহীদের উদ্বিগ্ন স্বজনেরা গতকাল রাত থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁদের একজন ইয়ামান জাই বলেন, উড়োজাহাজে তাঁর স্ত্রী ও তিন সন্তান ছিল। স্ত্রী তাঁকে সন্তানের একটি ছবি পাঠিয়েছিলেন।

উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, তাঁরা সাগর ও আকাশপথে উদ্ধারকাজ চালিয়ে যাবেন। উড়োজাহাজের অনুসন্ধানে সোনার রাডার ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিক জানান, ডুবুরিরা বিধ্বস্ত হয়েছে—এমন সন্দেহে তিনটি জায়গা কমলা রঙের বেলুন দিয়ে চিহ্নিত করে রেখেছে। নৌবাহিনী, পুলিশের শতাধিক সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ভূমি থেকে তিন হাজার মিটারের বেশি ওপরে ওঠার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি যে উড়োজাহাজটি নিয়ে সম্প্রতি সংকট দেখা দিয়েছে, সেটি বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের। ২০১৮ সালে এই সিরিজের একটি বিমান জাকার্তায় বিধ্বস্ত হয় এবং ১৮৯ জন মারা যান। সেটি ছিল লায়ন এয়ারের। কিন্তু গতকাল যেটি বিধ্বস্ত হয়েছে, সেটি বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের। এটির বয়স বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের চেয়ে বেশি। তবে ৭৩৭-৫০০ সিরিজের এই উড়োজাহাজের উড়ানসংক্রান্ত কোনো জটিলতা ছিল না।

সাগরে বিধ্বস্ত উড়োজাহাজের খোঁজ চলছে।
ছবি: রয়টার্স

বিবিসির খবরে জানা যায়, জাভা সাগর উপকূলের পর্যটন দ্বীপের বাসিন্দারা বলেছেন, তাঁরা বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছেন। তাঁদের ধারণা এগুলো বিধ্বস্ত উড়োজাহাজের।

বিবিসির খবরে রেজিস্ট্রেশনের তথ্য অনুসারে আরও জানা যায়, উড়োজাহাজটি ২৬ বছরের পুরোনো বোয়িং ৭৩৭-৫০০। বিমানের প্রধান নির্বাহী জেফারসন ইরউইন বলেন, এটির অবস্থা খুব ভালো ছিল না। ভারী বৃষ্টির জন্য ৩০ মিনিট দেরিতে যাত্রা করেছিল উড়োজাহাজটি।